Tuesday, June 16, 2020

ফিলিস্তিনি ভূমি দখলের লক্ষ্যে ইসরায়েলের রাস্তা নির্মাণ

ফাতেহ ডেস্ক:

পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের লক্ষ্যে এগিয়ে চলছে ইসরায়েল। জেরুজালেম শহরে বৃহৎ একটি রাস্তার নির্মাণ করছে তারা। এর ফলে শহরের আশপাশে থাকা ইহুদী বসতিগুলোর সঙ্গে জেরুজালেমের যোগাযোগ স্থাপন হবে।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলি কর্তৃপক্ষ এই বাইপাস রাস্তার নামকরণ করেছে দ্য আমেরিকান রোড। এর নির্মাণে জেরুজালেম শহরের উত্তর ও দক্ষিণে অবস্থিত ইহুদী বসতিগুলোর সঙ্গে যোগাযোগ আরো দৃঢ় হবে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন উত্তর ভাগের কাজ চলছে। ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেম পৌরসভার এক কর্মকর্তা জানান, এই প্রকল্প নির্মাণে খরচ হবে ১৮৭ মিলিয়ন ডলার (১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি)। চলতি বছরের শেষে এর নির্মাণ কাজ শেষ হবে।

ওই কর্মকর্তা আরো বলেন, অলিভ পাহাড়ের পূর্ব দিকে ১ দশমিক ৬ কিলোমিটারের একটি সুরঙ্গ থাকছে রাস্তার অংশ হিসেবে, যা এই অঞ্চলে থাকা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের চলাচলে সুবিধা করে দিবে।

বিশ্লেষকদের মতে, এই রাস্তা নির্মাণ করে পশ্চিম তীরে ইসরায়েল নিজের কর্তৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার একটি গাঠনিক পদ্ধতি অবলম্বন করছে। কারণ এতে করে জেরুজালেমের মতো গুরুত্বপূর্ণ শহর নিজেদের দখলে নিয়ে নিচ্ছে তারা। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেরুজালেমের সহকারী মেয়র ও পশ্চিম তীর দখলের অন্যতম সমর্থক আরেইহ কিং। তিনি বলেন, রাস্তা নির্মাণের সঙ্গে দখলের কোনো সম্পর্ক নেই। এই রাস্তার নির্মাণ হলে শহরের আশপাশে থাকা মানুষগুলো আরো স্বাচ্ছন্দে জেরুজালেমে আসতে পারবে। ফলে শহরের অর্থনৈতিক কার্যক্রমও দৃঢ় হবে।

ফিলিস্তিনিদের আশঙ্কা, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করতেই এই কার্যক্রম। এই রাস্তা ইসরায়েলকে ভূমি দখলের দিকে এগিয়ে দেবে। জেরুজালেমবিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল হিদমি বলেন, এই রাস্তা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। এর মাধ্যমে শহরের আশপাশে থাকা ইহুদী বসতির সঙ্গে ভালো যোগাযোগই উদ্দেশ্য। খুব কৌশলে তারা ফিলিস্তিন অধ্যুষিত এলাকা এড়িয়ে গেছে। এতে করে রাস্তার সুফল শুধু ইসরায়েলিরাই পাবে।

-এ

The post ফিলিস্তিনি ভূমি দখলের লক্ষ্যে ইসরায়েলের রাস্তা নির্মাণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95/

No comments:

Post a Comment