Friday, June 12, 2020

আল্লামা শফির বিরুদ্ধে অপপ্রচার, আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ’র প্রতিবাদ

ফাতেহ ডেস্ক:

গত কয়েকদিন আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফির বিরুদ্ধে অপপ্রচারমূলক একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। যার প্রেক্ষিতে মাদরাসা মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠে। গতকাল এগারই জুন দুপুরে রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ এই অপপ্রচারের নিন্দা জানায়।

সাংবাদিক সম্মেলনে তারা জানান, ষোল বছর আগে মীমাংসিত একটি বিষয়কে কেন্দ্র করে হাটহাজারী মাদরাসার সর্বোচ্চ শুরা কর্তৃক অপসারিত হাফেজ মাওলানা কাশেম সাহেবের মাধ্যমে বিশেষ মহল আহমদ শফি সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হযরতের দীর্ঘ বর্ণাঢ্য জীবনের অর্জনকে কলঙ্কিত করে স্বার্থ হাসিলে জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই হীন ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

অপপ্রচারের ব্যাখ্যায় আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ জানায়, আল্লামা শাহ আহমদ শফি একটি সফরে ছিলেন। সফর থেকে মাদরাসায় ফেরা মাত্রই মাদরাসার তৎকালীন হিসাবরক্ষক শায়খের কাছে এসে বলেন, মাদরাসায় এক লক্ষ টাকার খুব প্রয়োজন। মহাপরিচালক সফরে থাকার প্রেক্ষিতে টাকা উত্তোলন করতে না পারায় মাদরাসার কিছু কাজ আটকে গেছে। তখন দস্তখতের জন্য একটি ওপেন চেক পেশ করা হয়। ওই চেকটিতে টাকা লেখার স্থানে শুধু অংকে এক লক্ষ টাকা লেখা ছিলো। টাকার পরিমাণ কথায় লেখা ছিলো না। আল্লামা শাহ আহমদ শফি খেয়াল না করেই চেকটিতে দস্তখত করে ফেলেন। আর দস্তখত নেয়ার পর হিসাবরক্ষক ( মাস্টার ইউনুস সাহেব) চেকটিতে এক লক্ষের জায়গায় শূন্য বাড়িয়ে দশ লক্ষ টাকা লিখে নেন। এবং হাটহাজারী মাদরাসার ব্যাংক একাউন্ট থেকে দশ লক্ষ টাকা উত্তোলন করেন। এক লক্ষ টাকা মাদরাসায় জমা দিয়ে বাকী নয় লক্ষ টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে মাদরাসার অডিটে নয় লক্ষ টাকার গড়মিলের বিষয়টি ধরা পড়ে। মাদরাসার শুরা কমিটি বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি শুরার সামনে রিপোর্ট পেশ করে যে, টাকা গড়মিলের ঘটনায় শুধু মাদরাসার হিসাব রক্ষক (মাস্টার ইউনুস সাহেব) জড়িত। তদন্ত কমিটির পেশকৃত রিপোর্টে আরো উল্লেখ করা হয় যে, মাওলানা হাফেজ কাশেম উক্ত ঘটনাসহ বিভিন্ন বিশৃঙ্খলার ইন্ধনদাতা হিসেবে জড়িত। সে প্রেক্ষিতে দোষ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার শুরা কমিটি কর্তৃক মাওলানা হাফেজ কাশেমকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া হয়।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা ফজলুর রহমান। পরিচালনা করেন সেক্রেটারি মুফতি আব্দুস সাত্তার। বিবৃতিতে আরও যাদের নাম যুক্ত ছিল, তারা হলেন, মাওলানা ইরফান বিন তোরাব আলী, মাওলানা জয়নাল আবদীন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমী, মুফতি ওযায়ের আমিন, মাওলানা আবু সায়েম খালেদ, মুফতি নেয়ামতুল্লাহ, মুফতি বাহরুল্লাহ নদভী, মাওলানা আশরাফ আলী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান রহমানি, মুফতি মহিউদ্দীন হেলালী, মুফতি ইবরাহিম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল আজিম, হাজী নাসির মাহমুদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুফতি আনিসুর রহমান, মাওলানা নাসির উদ্দিন সানারপাড় ও মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ উলামায়ে কেরাম। উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়।

The post আল্লামা শফির বিরুদ্ধে অপপ্রচার, আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ’র প্রতিবাদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa/

No comments:

Post a Comment