Tuesday, October 20, 2020

নবিজির কার্টুন প্রদর্শন করায় শিক্ষককে হত্যা, প্যারিসে একটি মসজিদ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

মোহাম্মদ সা.- এর অবমাননার অভিযোগে ফ্রান্সে ছুরি হামলায় এক শিক্ষক নিহতের ঘটনায় রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি মসজিদ ৬ মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ মঙ্গলবার মসজিদের বাইরে মসজিদটি বন্ধের নোটিশ সেঁটে দিয়েছে। খবর এএফপি।

হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শিক্ষক স্যামুয়েল প্যাটি তার ক্লাসে শিক্ষার্থীদের হযরত মোহাম্মদের সা.-এর কার্টুন দেখিয়েছিলেন। এ ঘটনার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ওই মসজিদে আলোচনা হয়। পরে মসজিদটির ফেসবুকে পেইজে সেই আলোচনার একটি ভিডিও পোস্ট করা হয়। মসজিদটি উত্তরপূর্ব প্যারিসের অত্যন্ত ঘন-বসতিপূর্ণ এলাকায় অবস্থিত।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উত্তরপূর্ব প্যারিসের প্যান্টিন এলাকার মসজিদটিতে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতেন। বুধবার রাত থেকে আগামী ছয় মাসের জন্য মসজিদটি বন্ধ করে দেয়া হবে।

চলতি মাসের শুরুতে ৪৭ বছর বয়সী স্কুল শিক্ষক সেমুয়েল প্যাটি তার ক্লাসরুমে মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাঙ্গচিত্র দেখিয়েছিলেন। এরপর স্কুলের বাইরের রাস্তাতেই ছুরি হামলায় তিনি খুন হন। প্যাটিকে গলা কেটে হত্যার পর ঘটনাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

হামলাকারী চেচেন বংশোদ্ভূত ১৮ বছর বয়সী এক তরুণ বলে জানিয়েছে ফরাসী গণমাধ্যম। পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যার পর এ পর্যন্ত শিক্ষক খুনের ঘটনায় জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। এবং এক ডজনেরও বেশি বাড়িতে এবং ইসলামিক অ্যাসোসিয়েশনগুলোতে এরই মধ্যে তল্লাশিও চালিয়েছে পুলিশ।

The post নবিজির কার্টুন প্রদর্শন করায় শিক্ষককে হত্যা, প্যারিসে একটি মসজিদ বন্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8/

No comments:

Post a Comment