Thursday, October 8, 2020

ধর্ষকের শাস্তি নির্ভর করে বিচার বিভাগের ওপর: আইজিপি

ফাতেহ ডেস্ক:

ধর্ষকের কী ধরনের শাস্তি হবে- এটা বিচার বিভাগের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্ষণের প্রতিটি ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু গ্রেফতারই শেষ নয়। পুলিশের দায়িত্ব দ্রুত চার্জশিট দেয়া। মামলা সম্পন্ন করতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেবে পুলিশ। পুলিশ যখন অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেবে তখন বিচারকরা তাদের যথাযথ শাস্তি দেবে। এরা কেউই রেহাই পাবে না বলে আমার দৃঢ়বিশ্বাস। পুলিশ যখন অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে, তখন যার যা প্রাপ্য সে তাই পাবে।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম খুরশীদ হোসেন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি ড. বেনজীর আহমেদ গোপালগঞ্জ শহরের থানাপাড়া পৌর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

The post ধর্ষকের শাস্তি নির্ভর করে বিচার বিভাগের ওপর: আইজিপি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/

No comments:

Post a Comment