Thursday, October 15, 2020

ইউটিউব চ্যানেল ও আইপি টিভি সংবাদ দেখাতে পারবে না

ফাতেহ ডেস্ক:

দেশের ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো কোনো সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আইপি টিভিগুলো অন্য সবকিছু করতে পারবে, কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না। এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়মিত আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। আমরা ইউটিউব চ্যানেল বা আইপি টিভি যেগুলো আছে সেগুলোকেও নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার পর সেগুলোর নিবন্ধনের কাজ শুরু করব’।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সে জন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। আইপি টিভিগুলোও সংবাদ পরিবেশনের কাজটি আপাতত করতে পারবে না।’

অনলাইন পোর্টালের নিবন্ধনের বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইন নিবন্ধনের কাজ হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো সহসাই দেওয়া হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যাবে কারণ তদন্ত সংস্থা রিপোর্ট দেয়ার পরই আমরা (নিবন্ধন) দিতে পারছি। তবে এ বছরের মধ্যে বেশিরভাগ নিবন্ধন শেষ করতে পারব।’

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বক্তব্য রাখেন।

The post ইউটিউব চ্যানেল ও আইপি টিভি সংবাদ দেখাতে পারবে না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad/

No comments:

Post a Comment