ফাতেহ ডেস্ক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘আশ্রিত রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব তাদের উৎস দেশ মিয়ানমারে ফিরতে হবে। রোহিঙ্গা সমস্যার সমাধান শুধু প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। পশ্চিমা বিভিন্ন দেশ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যে প্রস্তাবগুলো দিচ্ছে, ঠিক একই ধরনের প্রস্তাব মিয়ানমারে দেওয়া ও বাস্তবায়িত না হলে এসব বিনিয়োগ ভেস্তে যাবে। সার্বভৌমত্ব ও সুরক্ষা প্রশ্নে বাংলাদেশ যেকোনো সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রোহিঙ্গাদের জন্য দীর্ঘ মেয়াদে সহযোগিতার তহবিল গঠনের ভার্চুয়াল সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ কাঠামো ব্যর্থ হয়েছে। মিয়ানমারের ভবিষ্যতের সঙ্গে যেসব রাষ্ট্রের সম্পৃক্ততা আছে, তারা যেন সেই সম্পর্ক কাজে লাগিয়ে সংকট সমাধান করতে মিয়ানমারকে বোঝায় বা বাধ্য করার জন্য তিনি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) আয়োজিত ওই ভার্চুয়াল সম্মেলন শুরুতে ছিল দাতা সম্মেলন। বাংলাদেশের উদ্যোগে শেষ পর্যন্ত সম্মেলনের শিরোনাম ঠিক করা হয় ‘রোহিঙ্গা শরণার্থী সাড়াদানের জন্য টেকসই সহযোগিতা’।
১০০ কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে আয়োজিত ওই সম্মেলন গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই সম্মেলনে প্রায় ৬০ কোটি ডলার সহায়তার আশ্বাস মেলে। এটি এ বছরের যৌথ সাড়াদান পরিকল্পনার আওতায় প্রতিশ্রুত তহবিলের অতিরিক্ত।
সম্মেলনে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি বৈশ্বিক সহানুভূতির পাশাপাশি সংকট সমাধানে মিয়ানমারকে জোর তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ সৃষ্টি, প্রত্যাবাসন ও তাদের ওপর নিপীড়নের জবাবদিহিতা নিশ্চিত করার কাজ করার অঙ্গীকার মিলেছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের ভূমিকার প্রয়োজনীয়তার কথাও বলেছেন অনেকে।
সম্মেলনের আয়োজকরাসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের মহানুভবতা ও উদারতার প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই বিগান রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে ‘এথনিক ক্লিনজিং’ (জাতিগত নিধনযজ্ঞ) হিসেবে উল্লেখ করে বলেন, রোহিঙ্গাদের সহায়তা করা যুক্তরাষ্ট্রের সবার ইস্যু। রোহিঙ্গাদের জন্য বর্তমান সহযোগিতার বাইরে আরো ২০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন তিনি।
সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার জ্যানেন লেনার্সিক বলেন, পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। ইইউয়ের পক্ষে রোহিঙ্গাদের জন্য ৯ কোটি ৬০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দেন তিনি।
The post রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব মিয়ানমারে ফিরতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d/
No comments:
Post a Comment