ফাতেহ ডেস্ক:
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পুলিশ হেফাজতে ও সীমান্তে বিএসএফ কর্তৃক মানুষ হত্যার প্রতিবাদে এবং জিনা-ব্যভিচার ও ধর্ষণ রোধে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা ইসলামী দলসমুহ। বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও সমমনা ইসলামী দলসমূহের সমন্বয়ক আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, বিএসএফের নির্বিচার বাংলাদেশী খুনের বিরুদ্ধে সরকারিভাবে কার্যকর পদক্ষেপতো দূরের কথা, মৌখিক কড়া প্রতিবাদ জানাতেও আমরা দেখছি না। এটা গভীর বেদনাদায়ক, লজ্জার ও নিন্দনীয়। সরকারের দুর্বল জনসমর্থন এবং ভারত নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ এমন দুঃসাহস দেখাচ্ছে। ভারতীয় বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপসকামিতা চলবে না।
তিনি বলেন, শুধু আইন করলেই হবে না, ধর্ষণ ও যেনা-ব্যাভিচার বন্ধ করতে হলে এগুলোর উৎস বন্ধ করতে হবে। গোড়া রেখে ডাল-পালা কাটলে বৃক্ষ যেমন সমূলে ধ্বংস করা যায় না, ধর্ষণের উৎস বন্ধ না করে মৃত্যুদন্ডের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না।
পুলিশি হেফাজতে সিলেটের রায়হান হত্যাকাণ্ড প্রসঙ্গে আল্লামা কাসেমী বলেন, হত্যার ঘটনাকে ধামাচাপা দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। এটা যে পুলিশি হত্যাকাণ্ড ছিল, তা দিবালোকের ন্যায় স্পষ্ট। সুতরাং দোষী পুলিশ সদস্যদের কঠিন শাস্তি কার্যকর করতে হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী বলেন, পুলিশী হেফাজতে মানুষ হত্যা কোনো ভাবেই মেনে নেওয়া যায়না। সিলেটের রায়হান হত্যা পুলিশের ভাবমূর্তিকে তলানীতে নিয়ে গেছে। পুলিশ বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে ও ভঙ্গুর ভাবমূর্তি রক্ষায় সরকারের উচিত দোষী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্থি নিশ্চিত করে তা দ্রত কার্যকর করা। অন্যথায় জনমনে বাড়তে থাকা ক্ষোভ থেকে উদ্ভূত যেকোন পরিস্থিতির দায় সরকার’সহ সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোহাম্মদ ঈশা সাহেদী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক, খেলাফত আন্দোলনের নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল্লাহ হাসান প্রমূখ।
The post মূল্যস্ফীতি, সীমান্ত হত্যা, ধর্ষণরোধ: সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/
No comments:
Post a Comment