Thursday, October 15, 2020

নূরদের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে ‘আর্থিক অস্বচ্ছতা’, ‘স্বেচ্ছাচারিতা’ ও ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তুলে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে আলাদা কমিটি গঠন করা হয়েছে। ছাত্র অধিকার পরিষদ থেকে ‘বহিষ্কৃত’ যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলের নেতৃত্বে ২২ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে নতুন কমিটির ঘোষণা দেন এ পি এম সুহেল। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

নতুন সংগঠনের নেতাদের দাবি, নুর-রাশেদদের ‘আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন এবং সম্প্রতি এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকিকরণের অপচেষ্টার’ প্রতিবাদে কমিটিতে এই ‘সংস্কার’ করা হয়েছে। তারা অভিযোগ করেন, ‘মানুষের আবেগ নিয়ে তারা নোংরা রাজনীতি’ করছেন।

নতুন গঠিত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কমিটিতে এ পি এম সুহেলকে আহ্বায়ক ও ইসমাঈল সম্রাটকে সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সচিব পদে আছেন সৈয়দ সামিউল ইসলাম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ১৪ জন।

সংবাদ সম্মেলনে ইসমাঈল সম্রাট বলেন, মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি, আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনা, ত্যাগী ও দুঃসময়ের সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণের মামলাকে নোংরা রাজনৈতিকীকরণের অপচেষ্টার প্রতিবাদ ও সাংগঠনিক সংস্কারের উদ্দেশ্যে তারা নতুন কমিটি ঘোষণা করছেন।

সংগঠনের ভাঙনের বিষয়ে জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ইনডিপেনডেন্টকে টিভিকে বলেন, শৃঙ্খলাভঙ্গের অপরাধে এ পি এম সুহেলকে মে মাসে সংগঠন থেকে বহিস্কার করা হয়। তিনি ছাড়া গঠিত ওই কমিটির বাকিরা কেউই আমাদের সংগঠনে ছিলেন না। ফলে এটাকে সংগঠনের ভাঙ্গন বলা যাবে না।

এ পি এম সুহেলের নেতৃত্বে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ গঠন প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন সংগঠনের প্যাডে বিবৃতিতে বলেন, আমরা গণমাধ্যমে মারফত জানতে পেরেছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বহিস্কৃত এ পিএম সুহেল বিভিন্ন সংগঠনের কয়েকজনকে নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পূর্ববর্তী নাম ব্যবহার করে একটি কমিটি ঘোষণা করেছে।

অতীতে আমাদের কিছু সার্বজনীন আন্দোলনে তাদের উপস্থিতি পরিলক্ষিত হলেও, তাদের কেউ আমাদের সংগঠনের সাথে যুক্ত নন। আমরা মনে করি তাদের এই কর্মকাণ্ড আমাদের পথচলাকে ব্যহত করতে সরকারের দমন-পীড়ন এবং চলমান ষড়যন্ত্রের একটি অংশ মাত্র।

The post নূরদের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন সংগঠনের আত্মপ্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a4/

No comments:

Post a Comment