Monday, October 5, 2020

এবার চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক:

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছরও নোবেল পুরস্কারে ভূষিত হলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। গত বছরও তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসায় নোবেল পেয়েছেন।

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর দুই মার্কিন বিজ্ঞানী এবং এক ব্রিটিশ নোবেলজয়ী বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বিকেলে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এই ঘোষণা দেয়।

ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন ওই তিন বিজ্ঞানী। নোবেল বিজয়ী এই তিনজন দূরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন। তারা রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

বিশ্বজুড়েই একটি প্রধান স্বাস্থ্যগত সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে হেপাটাইটিস সি। এই ভাইরাসের কারণে বিশ্বের লাখ লাখ মানুষ সিরোসিস এবং যকৃতের ক্যান্সারে ভোগেন।

হেপাটাইটিস সি অনেক সময় নীরব ঘাতক হিসেবে শরীরে বাসা বাধে। প্রতি বছর প্রায় ৭ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। প্রায় ৪ লাখ মানুষ এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু বরণ করছে।

যকৃতের ক্যান্সারের প্রধান কারণ এই ভাইরাস। ফলে রোগীদের বেশিরভাগ সময়ই যকৃত প্রতিস্থাপন করতে হয়। হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে ওই তিন বিজ্ঞানীর গুরুত্বপূর্ণ আবিষ্কারকে যুগান্তকারী অর্জন বলে উল্লেখ করেছে নোবেল কমিটি।

এদিকে চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। এতদিন এ নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার।

 

The post এবার চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/

No comments:

Post a Comment