Wednesday, October 14, 2020

ক্যাট নয় ‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আগ্রহ ইউজিসির

ফাতেহ ডেস্ক:

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি গুচ্ছ না কেন্দ্রীয় (ক্যাট) পদ্ধতিতে হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। দেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয় ক্যাট পদ্ধতিতে পরীক্ষা নিতে ইচ্ছুক।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চাচ্ছে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিতে। তারা বলছে, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন নিয়ে তারা কাজ শুরু করেছেন। আগামীকাল ১৫ অক্টোবর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক হবে। সেখানে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। তবে শীতের কারণে করোনার সংক্রমণ পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা পেছাতে পারে। সেক্ষেত্রে শীত শেষে অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চে পরীক্ষা নেয়া হতে পারে।

বিশ্ববিদ্যালয়গুলো যদি অপেক্ষা করতে না চায় তাহলে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই ভর্তি পরীক্ষা হতে পারে। সেক্ষেত্রে সশরীরে শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সংক্রান্ত সিদ্ধান্ত আগামীকালের (১৫ অক্টোবর) বৈঠকে গৃহীত হতে পারে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক দিল আফরোজা বেগম গণমাধ্যমকে বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন হবে। এজন্য আমাদের প্রস্তুতিও অনেক এগিয়েছে। আগামী বছরের শুরুতে সশরীরে ভর্তি পরীক্ষার আয়োজন হবে। অল্প সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের চেষ্টা থাকবে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় আসতে আপত্তি জানালেও বর্তমানে তারা এ পদ্ধতিতে আগ্রহ দেখাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নতুন সিদ্ধান্তে এইচএসসিতে গ্রেড পদ্ধতিতে কী ফল আসবে, তার ওপরও নির্ধারণ করে আমাদের ভর্তি পরীক্ষার কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। এটি (ভর্তি পরীক্ষা) কখন, কীভাবে এবং কত নম্বরে আয়োজন হবে, তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরামের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।’

The post ক্যাট নয় ‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আগ্রহ ইউজিসির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/

No comments:

Post a Comment