আন্তর্জাতিক ডেস্ক:
ইসলামের অনুশাসন মানতে অভিনয় জগত ছেড়ে দেবার পর নিজের অ্যাকাউন্ট থেকে পুরনো সব ছবি ডিলিট করে দিয়েছিলেন কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিম। এবার জাইরা তার ভক্তদের কাছে অনুরোধ করলেন, তারাও যেন সোশ্যাল মিডিয়া থেকে তার ছবিগুলো মুছে দেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
সোশ্যাল মিডিয়ার পোস্টে অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, ‘সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমায় এত ভালোবাসা ও আশীর্বাদ করার জন্য। আমার জীবনের সব ভালোবাসা ও শক্তির উৎস আপনারাই ছিলেন। আর তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’
জাইরা ভক্তদের কাছে অনুরোধ করে লেখেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের অ্যাকাউন্ট থেকে এবং ফ্যানপেজ থেকে আমার ছবিগুলো দয়া করে মুছে দিন। ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার না করা হয়। আমি আশা করছি, আপনারা আমায় সাহায্য করবেন ঠিক যেভাবে আপনারা আমার পাশে ছিলেন।’
উল্লেখ্য, ২০১৯ সালেই বলিউড ত্যাগ করার ঘোষণা করেছিলেন ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জায়রা ওয়াসিম। বলেছিলেন, “অভিনয় করা ইসলাম ধর্মবিরোধী। আর তাই তিনি স্বেচ্ছায় তার ফিল্মি কেরিয়ারকে বিদায় জানাচ্ছেন।”
অনেকেই যেমন তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন, আবার অনেকেই কিন্তু দুঃখপ্রকাশ করে বলেছিলেন, একজন ভালো অভিনেত্রীর হঠাৎ করে এভাবে অভিনয় ছেড়ে দেয়াটা উচিত নয়। যদিও তার ব্যক্তিগত ইচ্ছেকে মর্যাদা দিয়ে ইন্ডাস্ট্রির একাংশ তাতে সম্মতি প্রদান করেছেন। তবে এক বছর গড়ালেও তার অনুরাগীরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনো তার ছবি ব্যবহার করে চলেছেন। আর ঠিক বিষয়টিই অভিনেত্রীর না-পছন্দ। তাই ইনস্টাগ্রামে এক বড় আকারের পোস্ট করে জায়রা ভক্তদের অনুরোধ করেছেন, তার ছবি যেন আর কোথাও ব্যবহার না করা হয়।
The post সোশ্যাল মিডিয়া থেকে আমার ছবিগুলো মুছে দিন: জাইরা ওয়াসিম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be/
No comments:
Post a Comment