Saturday, December 12, 2020

ভাস্কর্য ভাঙচুর: আদালতে যে জবানবন্দী দিলেন দুই মাদরাসাশিক্ষক

ফাতেহ ডেস্ক:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মাদরাসার অভিযুক্ত দুই শিক্ষক আল-আমিন ও ইউসুফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বিচারক দেলোয়ার হোসেনের এজলাসে শনিবার সন্ধ্যায় ওই দুই শিক্ষক এ জবানবন্দি দেন।

এর আগে তাদেরকে চার দিনের রিমান্ড শেষে বেলা ২টার দিকে আদালতে নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশি কান্ত সরকার তাদের আদালতে নেন।

রোববার মাদরাসার অভিযুক্ত দুই ছাত্র মো: আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদের পাঁচ দিনের রিমান্ড শেষ হবে। রিমান্ড শেষে তাদেরকে আদালতে নেয়া হবে।

মামলাসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দুই মাদরাসাশিক্ষক আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেন, তারা ‍অভিযুক্ত দুই ছাত্রকে মাদরাসা থেকে পালিয়ে যেতে বলেছিলেন। ঘটনার পর দিন সকালে খাবার খাওয়ার সময় ওই দুই ছাত্র তাদের (শিক্ষকদের) জানান, তারা রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে এসেছেন। এ কথা শোনার পর ওই দুই শিক্ষক তাদের মাদরাসা থেকে পালিয়ে যেতে বলেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত জানান, অভিযুক্ত দুই মাদরাসা শিক্ষক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দুই মাদরাসাছাত্রের জড়িত থাকার বিষয়টি জানা সত্ত্বেও তা প্রকাশ করেননি। উল্টা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত মাদরাসা শিক্ষার্থীসহ তাদের দুই শিক্ষককেও গ্রেফতার করে পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জবানবন্দি দিতে রাজি হয়।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। পরের দিন শনিবার দিবাগত রাতে কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

The post ভাস্কর্য ভাঙচুর: আদালতে যে জবানবন্দী দিলেন দুই মাদরাসাশিক্ষক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af/

No comments:

Post a Comment