ফাতেহ ডেস্ক:
জাতিসংঘের (ইউএন) সংস্থাগুলোর অব্যাহত নেতিবাচক প্রচারণা, অবাস্তব শর্ত, অনড় অবস্থান ও অসহযোগিতার কারণে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় সংস্থাটিকে এ পর্যন্ত সম্পৃক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এসব তথ্য জানানো হয়। ‘রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার সময় জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি’ এমন বিবৃতির জবাবে এসব কথা জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে বৈঠকে আরো জানানো হয়, ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের অন্যান্য মানবিক বিষয়ে সহায়তা দানের বিষয়ে এরইমধ্যে কক্সবাজারে কর্মরত ২২টি এনজিও আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের উপর ব্যাপক প্রচার চালাচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জাতিসংঘ মিশনের বিভিন্ন কর্মসূচিতেও ভাসানচরের বিষয়ে ইতিবাচক প্রচারণা তুলে ধরার উদ্যোগ নেয়ার প্রস্তাব করা হয়েছে। সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি আবাসস্থল গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন ও তাদের ভাসানচরে স্থানান্তরের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। আর যুক্তরাষ্ট্রে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থাপিত কর্মপরিকল্পনায় কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার সুপারিশ করে কমিটি।
সভাপতি ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post নেতিবাচক প্রচারণার কারণে জাতিসংঘকে রোহিঙ্গা স্থানান্তরে সম্পৃক্ত করা হয়নি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87/
No comments:
Post a Comment