ফাতেহ ডেস্ক:
সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে জেলা-উপজেলা সদরে জাতির জনকের ম্যুরাল স্থাপনের অগ্রগতির বিষয়ে মন্ত্রীপরিষদ সচিবকে প্রতিবেদন দিতে বলেছে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ (সোমবার) ভার্চুয়ালি এই আদেশ দেয়।
একইসাথে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চলমান স্থাপনার নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এছাড়া কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
এর আগে আজ সকালে দেশের ৩৮০টি উপজেলা ও ৬৩টি জেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেন মন্ত্রীপরিষদ সচিব। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার সেটি আদালতে উপস্থাপন করেন। রিটকারী আইনজীবী আইনজীবী বশির আহমেদও এ সময় শুনানিতে যুক্ত ছিলেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এক আদেশে আদালত বলেছিল, একাত্তরের যে দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। এছাড়া মুজিববর্ষের মধ্যেই দেশের সব জেলা-উপজেলা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করতে বলা হয় ওই আদেশে।
উল্লেখ্য ২০১৭ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের করা রিটে ৭ মার্চকে কেন ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এছাড়া একাত্তরের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে, যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছিল যেস্থানে সেই স্থানে মঞ্চ পুনঃনির্মাণ কেন করা হবে না, জানতে চাওয়া হয়েছিল রুলে।
৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণের সময় বঙ্গবন্ধুর ‘স্পিচ মোডের’ (তর্জনি উচিয়ে ভাষণের সময়কার ভঙ্গি) ভাস্কর্য নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়।
The post বঙ্গবন্ধুর সব ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা দেয়ার নির্দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%ad/
No comments:
Post a Comment