ফাতেহ ডেস্ক:
মাহফিলের নামে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে মাওলানা এ বি এম শরিফুল ইসলামের বিরুদ্ধে। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম।
এ ঘটনায় শনিবার (১৩ মার্চ) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন হোসেনপুর গ্রামের বাসিন্দা আল রাসেল। এরপর এই ঘটনায় জড়িত থাকায় নারায়ণগঞ্জ থেকে মাওলানা এ বি এম শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ একটি লিখিত বক্তব্যে বলেন, ‘বেশ কয়েকটি মাহফিলে মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর সঙ্গে এই প্রতারক (শরিফুল) পিএস হিসেবে উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এই পরিপ্রেক্ষিতেই মাহফিল আয়োজকরা তার (শরিফুল) সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি আমরা আরও তথ্য পেয়েছি, মাহফিলের নির্ধারিত দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হওয়ার জন্য মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীকে যে পরিমাণ ফি দেয়ার কথা, একই দিনে অন্য কোনো মাহফিলের জন্য এর চেয়ে বেশি ফির অফার পেলে তিনি বিভিন্ন অজুহাতে পূর্বনির্ধারিত মাহফিলে না গিয়ে যারা বেশি টাকা দিচ্ছে সেই মাহফিলে উপস্থিত হন। এক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করেন এই প্রতারককে।’
শরিফুলের সঙ্গে হাবিবুর রহমান যুক্তিবাদীর যোগসূত্র প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক গণমাধ্যমে বলেন, ‘শরিফুল গ্রেফতার হওয়ার পর মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী নিজে মোবাইল ফোনে এবং বিভিন্ন মাধ্যমে পুলিশ ও অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে অভিযুক্ত এ বি এম শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ না করা হয়। এজন্য মাওলানা মীর হাবিবুর রহমান বিনা টাকায় মাহফিল করে দিতে চেয়েছেন। এমনকি আজ ডিসি তেজগাঁও অফিসে মাওলানা আজাদী নামে একজন প্রতিনিধি পাঠিয়েছেন, তেজগাঁও বিভাগের ডিসি স্যারকে অনুরোধ করতে, যাতে আসামিকে ক্ষমা করা হয়।’
তবে এসব অভিযোগের বিষয়ে মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
The post অগ্রীম টাকা নিয়ে মাহফিলে না আসায় গ্রেফতার মাওলানা শরিফুল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/
No comments:
Post a Comment