Monday, March 15, 2021

‘যুবাইদা সড়কে’র খোঁজে আরবের প্রত্নতাত্ত্বিকগণ

আন্তর্জাতিক ডেস্ক:

মরুময় দেশ সৌদি আরবের প্রত্নতাত্ত্বিকগণ হারিয়ে যাওয়া ঐতিহাসিক এক পথ উন্মোচনে নেমেছেন। যুবাইদা সড়ক নামের এক হাজার ছয় শ’ কিলোমিটারের বেশি দীর্ঘ ঐতিহাসিক এই পথ ইরাকের কুফা ও বর্তমানে সৌদি আরবের মক্কা শহরকে যুক্ত করেছে। কুফা থেকে আসা হজযাত্রীদের এই পথ ব্যবহারের কারণে এটি একইসাথে কুফি হজযাত্রীদের পথ হিসেবেও পরিচিতি পেয়েছে।

প্রাক-ইসলামি যুগে ও পরবর্তীকালেও বাণিজ্য ও যোগাযোগের জন্য এই পথ ব্যবহার করা হতো।

আব্বাসি খলিফা হারুন আল-রশিদের স্ত্রী যুবাইদা বিনতে জাফরের নামে পরিচিত হয়ে ওঠা কুফা থেকে মক্কাগামী এই সড়ক ওই সময় দুই শহরের মধ্যে যোগাযোগের প্রধানতম পথ ছিল। পথচারী পর্যটক, হজযাত্রী, বণিকদের ব্যবহৃত এই পথে তাদের সুবিধার জন্য আব্বাসি খলিফারা পানির চৌবাচ্চা, কুয়া ও পথের নিশানা দেয়া মিনার তৈরি করেছিলেন।

সৌদি পর্যটন মন্ত্রণালয়ও ইতোমধ্যে বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে হাইল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্তিক দলকে ফাইদ ও আল-বায়াইছে অনুসন্ধান ও খননের জন্য অনুমতি দিয়েছে। হাইল বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. খলিল আল-ইবরাহিম আরব নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও প্রত্নতাত্ত্বিক বিভাগ পর্যটন মন্ত্রণালয়ের সাথে এই অঞ্চলে অনাবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নির্দশন অনুসন্ধানের জন্য বেশকিছু চুক্তি স্বাক্ষর করেছে। ঐতিহ্যের শহরগুলোসহ প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে মাটি খুঁড়ে ১০ হাজার বছরের পুরনো পাথরে খোদাই নকশা, সমাধি স্তুপ, কুয়া, পাথুরে মূর্তি, মাটির তৈরি বাসন-কোসন, গ্লাস, মূল্যবান পাথর ও মুদ্রা পাওয়া গেছে।’

হাইলের আঞ্চলিক ঐতিহ্য ও পর্যটন দফতরের সহায়তা নিয়ে এই অনুসন্ধান ও খননকাজ করা হয়েছে জানান ড. আল-ইবরাহিম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভাগ রিয়াদের বাদশাহ সউদ বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সাথে একযোগে প্রাচীন ফাইদ শহরে খননকাজ করছে।

ড. আল-ইবরাহিম বলেন, অনুসন্ধান ও খননকাজের ফলে এই অঞ্চল থেকে ইসলামপূর্ব সামুদ জাতির খোদাই নকশা, স্থাপনা, সমাধি স্তুপ ও ব্যবহার্য যন্ত্রপাতি পাওয়া গেছে।

 

 

The post ‘যুবাইদা সড়কে’র খোঁজে আরবের প্রত্নতাত্ত্বিকগণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0/

No comments:

Post a Comment