ফাতেহ ডেস্ক:
মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধে সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন মোটরসাইকেল চালকরা। তারা দ্রুত এই সেবা চালু করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে, শান্তিনগরে ও খিলখেতে মোটরসাইকেল চালকরা এ বিক্ষোভ করেন। এতে ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।
বিক্ষোভ থেকে মোটরসাইকেল চালকরা বলেন, সরকারকে দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু করতে হবে। আমরা মানবেতর জীবন যাপন করছি। আমাদের একমাত্র আয়ের উৎস রাইড শেয়ারিং সার্ভিস। সেটি বন্ধ করে দেওয়ায় আমরা এখন বেকার। রাস্তায় যাত্রী নিয়ে বের হলে পুলিশ মামলা দেয়। দ্রুত রাইড শেয়ারিং সেবা চালু এবং অহেতুক মামলা বন্ধ করতে আমরা সরকারের কাছে আবেদন করছি।
বিক্ষোভের বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দীন বলেন, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে মোটরসাইকেল চালকরা বিক্ষোভ র্যালি নিয়ে শান্তিনগরে এসে রাস্তা অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা মগবাজার এলাকায় অবস্থান করছেন।
এদিকে সকাল ১১টায় খিলখেত থানার এয়ারপোর্ট সড়কে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। বিষয়টি নিশ্চিত করে খিলখেত থানার উপ-পরিদর্শক মো. সজল বলেন, বিভিন্ন দাবি নিয়ে মোটরসাইকেল চালকরা সকাল ১১টার দিকে রাস্তা অবরোধ করেছিলেন। পরে ঘটনাস্থলে আমাদের টিম গিয়ে তাদের সরিয়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
The post রাইড শেয়ারিং সেবা চালুর দাবিতে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%b6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6/
No comments:
Post a Comment