Tuesday, August 10, 2021

ফোনে আড়িপাতা বন্ধে হাইকোর্টে রিট

ফাতেহ ডেস্ক:

ফোনে আড়িপাতা প্রতিরোধে নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।

আইনজীবীরা হলেন অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, শাহ নাবিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দীকী, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, মুস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না), ইমরুল কায়েস ও একরামুল কবির।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) রিটে বিবাদি করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি ফোনে আড়িপাতা বন্ধে সাতদিনের মধ্যে পদক্ষেপ জানতে চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এই ১০ আইনজীবী।

নোটিশে ফোনালাপে আড়ি পাতা প্রতিরোধে আইন অনুযায়ী বিটিআরসি কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৬টি আড়িপাতার ঘটনা নোটিশে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সংলাপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনালাপ, পরলোকগত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসানের ফোনালাপ উল্লেখযোগ্য। এসব আড়ি পাতার ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে বহুল প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

রিট আবেদনে সুনির্দিষ্টভাবে চারটি আইনি যুক্তি উপস্থাপন করা হয়, যথা- ১) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৩০(চ) অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দায়িত্ব হলো নাগরিকের ‘টেলিযোগযোগের একান্ততা রক্ষার ব্যবস্থা নিশ্চিত করা’। কিন্তু কমিশন কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি; ২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৩(খ) অনুযায়ী ‘নাগরিকের গৃহ ও যোগাযোগের রক্ষণ’ একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। কিন্তু সাম্প্রতিকালে কমিশন সংবিধানের এই অনুচ্ছেদের বিধান পালনার্থে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি; ৩) অন্তত ২০টি ঘটনা ফাঁসের তথ্য উপস্থাপন করে কমিশনকে আইনি নোটিশ দেওয় হয়েছিল। কিন্তু আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কমিশন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কোনো জবাব প্রদান করেনি; ৪) টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৭১ অনুযায়ী আড়িপাতা দ-নীয় অপরাধ। এই অপরাধে দোষী ব্যক্তি দুই বছর কারাদ- অথবা অনধিক ৫ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। অথচ আজ অবধি কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে কারো বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি।

নোটিশের জবাব না পাওয়ায় এ রিট করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

The post ফোনে আড়িপাতা বন্ধে হাইকোর্টে রিট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b/

No comments:

Post a Comment