Tuesday, October 6, 2020

তুরস্ককে ছাড়া শান্তি আলোচনায় বসবে না আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

নাগার্নো-কারাবাখ নিয়ে যেকোন শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে যুক্ত করতে হবে বলে দাবি করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গতকাল সোমবার তুরস্কের টিআরটি হাবের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর পার্সটুডে।

তিনি বলেন, ‘শান্তি প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। চিরদিনের জন্য যুদ্ধ চলতে পারে না। সেক্ষেত্রে শান্তি আলোচনা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো কিন্তু সে আলোচনায় তুরস্ককে রাখতেই হবে। তুরস্ক হচ্ছে আঞ্চলিক একটি বড় উদীয়মান শক্তি এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ।’

সাক্ষাৎকারে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের সেনারা কারাবাখের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে বাকুকে এই নিশ্চয়তা দেয়া হবে যে, নাগার্নো-কারাবাখ অঞ্চল থেকে ইয়েরেভান সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নেবে। আমরা অন্য কোনো দেশের ভূমির প্রতি নজর দেইনি কিন্তু আমাদের ভূখণ্ড আমাদের হাতেই থাকতে হবে ‘

এর আগে রোববার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া ভাষণে আলিয়েভ প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, সেনা প্রত্যাহারের ব্যাপারে আর্মেনিয়া সুস্পষ্ট সময়সীমা ঘোষণা না করা পর্যন্ত আজারবাইজান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে না।

The post তুরস্ককে ছাড়া শান্তি আলোচনায় বসবে না আজারবাইজান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/

No comments:

Post a Comment