ফাতেহ ডেস্ক:
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ঢাকা মহানগর হাকিম আদালতের গেটের সামনে আইনজীবীরা তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়দারের আশ্বাসে মূল ফটক ছেড়ে দেন তারা।
আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বিভিন্ন সময় আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। তিনি অদৃশ্য কোনো শক্তির আশ্রয়ে ঢাকার আদালত পাড়ায় রয়ে গেছেন বলে জানান তারা।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘গতকাল মঙ্গলবার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে। একজন আইনজীবীকে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর অসম্মান করেছেন। সেই আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির কাছে লিখিতভাবে বিষয়টি জানান। তার প্রেক্ষিতে আজকে আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে সিএমএম মূল ফটক আটকে অবস্থান নিই। এরপর আমরা এ বিষয়ে সিএমএম জুলফিকার হায়দারের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদেরকে বলেন, তাকে (আসাদুজ্জামান নূর) আপাতত ছুটিতে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানিয়েছি। মন্ত্রণালয় তাকে বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এরপর আমরা মূল ফটক থেকে সরে এসেছি। এখন আসাদুজ্জামান নূরের প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে।’
ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ রুবেল বলেন, ‘গতকাল একটা মামলার শুনানির জন্য আসাদুজ্জামান নূরের আদালতে যাই। সেখানে গিয়ে কোর্ট কখন উঠবে, পেশকারের কাছে সময় জানতে চাই। এরপর তিনি জানান, সাড়ে ১০টায় কোর্ট উঠবে। কিন্তু ১১টার দিকেও বিচারক না ওঠায় বিষয়টি পেশকারের কাছে জানতে চাই। পরে আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক আমার মামলা না শুনে পরে আসতে বলেন। পরে গেলে আমাকে দুই ঘণ্টা লক আপে আটকে রাখেন এবং বলেন, আমার সনদ বাতিল করে দেবেন এবং সব ম্যাজিস্ট্রেটকে বলে দেবেন, আমার মামলা না শোনার জন্য। আমি বিষয়টিতে চরম অপমান বোধ করছি এবং উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
The post বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86/
No comments:
Post a Comment