Wednesday, December 9, 2020

শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি শেল উদ্ধার হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাটি খোঁড়াখুঁড়ির সময় সিলিন্ডার সদৃশ বস্তু দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন শ্রমিকরা। পরে বিমানবন্দরে কর্মরত পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে যান। খবর পেয়ে বিমানবাহিনীর বিশেষজ্ঞ দলের কর্মকর্তারা গিয়ে সিলিন্ডার সদৃশ বস্তুটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নিয়ে যান।

বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলী দেশ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া সিলিন্ডার সদৃশ বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল।

বিমানবন্দর থানা পুলিশের কর্মকর্তারা জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের পাইলিং করছিলেন শ্রমিকরা। এ সময় মাটির প্রায় তিন মিটার গভীরে সিলিন্ডারের মতো বস্তু দেখতে পেয়ে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন তারা। খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন সেখানে যান। পরে শেলটি উদ্ধার করে বিমানবাহিনী তাদের ময়মনসিংহের মুক্তাগাছা ঘাঁটিতে নিয়ে যায়।

শেলটি কার্যকর কি না তা পরীক্ষার পরই বোঝা যাবে বলে জানান তারা।

The post শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d/

No comments:

Post a Comment