Friday, October 15, 2021

শ্রাবণমুখর সন্ধ্যা

মুহাম্মদ মাসুম মুনতাসির:

শান্ত দিঘির নিটোল জলে ঝুলে আছে শ্রাবণমুখর সন্ধ্যা। আকাশে নেই আজ মেঘের ঘনঘটা। আধো আলো-আঁধারিতে দিঘির পাড়ে ফুটছে নীল সন্ধ্যাফুল দোলনচাঁপা।

তখন শিরশির বাতাসে ছড়িয়ে পড়ে শ্রাবণের ঘ্রাণ। সন্ধ্যার আজানে টিপটিপ জোনাকি জ্বলে-নিভে। ছাড়া ছাড়া ছায়াগুলো আকাশে বাসা বাঁধে। মৃদু আলো-ছায়া পথে হেঁটে যাই আমরা ক’জন।

দিঘির পাড় ধরে বেড়ে ওঠা শতবর্ষী ছায়াবটের বিস্তৃত শিকড়ে খুঁজে নিই ঠাঁই। দূরে ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় আমরা নিজেদের ছায়া খুঁজে পাই। তখন সন্ধ্যার ঝিঁঝিঁ গানে আমরা মেতে উঠি আলিফ লায়লার গল্পে।

বেলায় বেলায় অনেক সময় গড়িয়ে যায়। জীবনের গল্প শুনতে শুনতে সন্ধ্যা ফুরিয়ে যায়। তখন দিঘির টলটলে জলে চাঁদের মায়াবি আলোর বিকিরণ আমরা বিমুগ্ধ চোখে উপভোগ করি।

আকাশ চুইয়ে পড়া জোছনার সুঘ্রাণে দীঘির জলে ছন্দময় ঢেউ জাগে। বাতাসের ঝাপটায় ছলাৎ ছলাৎ সুরের মিষ্টি কলতান বাজে। আমরা রাতজাগা পাখিরা আবারও নিমগ্ন হই যাপনের গল্পে।

এবার আমরা গল্পের ভিতরে হারিয়ে যাই। প্রচ্ছন্ন এক জাদুময়তা আমাদেরকে জেঁকে ধরে। হঠাৎ ওপারে বাঁশবাগানে ডাহুকের ডাকে বিষণ্নতা নামে। সারি সারি নারকেল গাছের ছায়া প্রতিচ্ছবি হয়ে ভাসে জলে। দীঘিতে প্রতিফলিত চাঁদের প্রতিবিম্বে ছায়া ফেলে অচিন এক নিশাচর বিহঙ্গী ডানা ঝাপটে উড়ে যায়। ডানার শব্দ ভেঙে ভেঙে হাওয়ায় ছড়িয়ে পড়ে। আমাদের মাঝে অজানা এক শিহরণ জেগে ওঠে। শীতল একটা নীল স্রোত বয়ে যায় শিরদাঁড়া বেয়ে।

হাওয়ায় হাওয়ায় রাত আরও বাড়ে। মেঘে মেঘে ঢেকে যায় আকাশ। আধার আরও ঘনীভূত হয়ে ওঠে। রাত বাড়ার সাথে সাথে বিচিত্র সব অনুভূতি এসে আমাদের হৃদয় জমাট বাঁধে। যেন পৃথিবীর সব আলো নিভে গেছে। বেঁচে নেই কোনো মানুষ। শুধু বেঁচে আছি আমরা ক’জন।

সহসা দূরে কোথাও কার যেন কণ্ঠ শোনা যায়। নিভু নিভু আলোর প্রদীপ জ্বেলে একটি ডিঙি নৌকাকে ভেসে আসতে দেখা যায়।
আলোর সন্ধান দেখে তখন আমাদের মনে হয়, ঘন পুঞ্জীভূত আঁধারে এইটুকু আলো আমাদের জন্য, তিমির রাতে মুসা নবীর জন্য দূরের পাহাড় তূরে দেখা এক ঝলক অগ্নিশিখার মতোন।

তখন আমরা জীবনের মালিকের কৃতজ্ঞতায় দিঘির জলে ভাসমান নৌকায় সেজদাবনত হই; হয়েই থাকি নতুন ভোরের প্রতীক্ষায়!

The post শ্রাবণমুখর সন্ধ্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a3%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

No comments:

Post a Comment