ফাতেহ ডেস্ক:
সম্প্রতি ফেসবুক লাইভে এসে নগরবাসীর নানা সমস্যার কথা শোনেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। জনতার মুখোমুখি নগরপিতা- শীর্ষক ওই অনুষ্ঠানে নগরবাসী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে অন্যতম একটি ছিল রাজধানী ঢাকার প্রধান সড়ক এবং বিভিন্ন সড়কের সঙ্গে অবৈধভাবে স্থাপিত গেটের বিষয়টি। এই সমস্যার কথা শুনে তা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
সেই প্রতিশ্রুতি রাখলেন ডিএনসিসি মেয়র। প্রতিশ্রুতির অংশ হিসেবে মিরপুরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গেট অপসারণ করে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। যদিও বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ডিএনসিসির অঞ্চল-৪ এর আওতাধীন অবৈধ গেট অপসারণে মঙ্গলবার অভিযান শুরু করে করপোরেশন। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
জানা যায়, এদিন মিরপুর-১০ নম্বর থেকে ১২ নম্বরের দিকে যাওয়া প্রধান সড়কের পূর্ব ও পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় ১১ নম্বর ও সাড়ে ১১ নম্বর এলাকায় সড়কের উভয় পার্শ্বে থাকা বেশ কিছু অবৈধ গেট অপসারণ করা হয়।
অভিযানের এক পর্যায়ে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় গিয়ে বাধার মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালত। সেখানকার সেতারা টাওয়ার সংলগ্ন অবৈধ গেট অপসারণ করতে গেলে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির প্রতিনিধিরা প্রতিবাদ করতে আসেন।
এ সময় হারুন মোল্লাহ নামে এক ব্যক্তি নিজেকে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাই পরিচয় দেন এবং বলেন, সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ওই গেট স্থাপন করা হয়েছে। তবে অনুমতিপত্র দেখতে চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চ্যালেঞ্জ করলে কোনো দলিল দেখাতে পারেননি তারা।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম সাকাপি গণমাধ্যমকে বলেন, সম্প্রতি মেয়র সাহেব জনতার মুখোমুখি লাইভ অনুষ্ঠানে নগরবাসীর কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ সময় তিনি জানান, জনসাধারণের জন্য সিটি করপোরেশনের রাস্তা উন্মুক্ত থাকবে।
সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গেট অপসারণ করা হয়েছে। আর্থিক জরিমানাও করা হয়েছে কয়েকটি জায়গায়, বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপসারণের পর যদি ফের গেট তৈরি করা হয় সেক্ষেত্রে কী হবে- এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম সাকাপি বলেন, কেউ যদি আবারো গেট তৈরি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়ের করা হবে।
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারা অনুযায়ী, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোনো জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকা এলাকায় মনে করেন যে, রাস্তার সামনে কোনো বাধা আছে বা পাবলিক নুইসেন্স রয়েছে, তাহলে তিনি লিখিত আদেশ দিয়ে সেটা অপসারণ করার অধিকার রাখেন। এ ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে।
অবৈধ গেট অপসারণের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। পল্লবী এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই গেট বন্ধ রাখা হয়। শুধু বাড়ি মালিক সমিতির কেউ যাতায়াত করলেই তা খোলা হয়। অথচ আমরা সাধারণ মানুষ এই গেট ব্যবহার করতে পারি না। গাড়ি বা রিকশা নিয়ে কেউ আসলেও গেট খোলা হয় না, যতক্ষণ না সমিতির লোকদের ‘খুশি’ করা হয়।
এই গেট অপসারণ করায় সাধারণ মানুষের সুবিধা হলো জানিয়ে সিটি করপোরেশন ও মেয়রকে ধন্যবাদ দেন তিনি।
প্রসঙ্গত, ফেসবুক লাইভে গত ১ ডিসেম্বর আয়োজিত জনতার মুখোমুখি মেয়র অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ওই সময় অবৈধ গেটের প্রসঙ্গ উঠলে তা অপসারণের প্রতিশ্রুতি দেন মেয়র।
The post প্রতিশ্রুতি রাখলেন মেয়র আতিক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a6%b0/
No comments:
Post a Comment