Thursday, July 1, 2021

খুলনা মেডিকেলের ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু, নমুনা পরীক্ষা বন্ধ

ফাতেহ ডেস্ক:

খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিন ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেছেন, গতকাল বুধবার রাতে ল্যাবটিতে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯২টি পজিটিভ আসে। তখন আমাদের সন্দেহ হয় যে হয়তো ল্যাবে জীবানু ছড়িয়ে পড়েছে। ল্যাব জীবানুমুক্ত করার পর ফের করোনার নমুনা পরীক্ষা চালু হবে।

ছড়িয়ে পড়া জীবানু করোনার কী না তা নিশ্চিত করেননি অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ। তিনি জানান, ল্যাবে ২০০০টি করোনার নমুনা ছিল, সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

The post খুলনা মেডিকেলের ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু, নমুনা পরীক্ষা বন্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9b/

শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করেছে ঢাবি

ফাতেহ ডেস্ক:

শতবর্ষের দিনে শিক্ষার্থীদের সুখবর দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করেছে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপিঠ।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সীমাবদ্ধতা এবং চাহিদা বিবেচনায় আবাসন ও পরিবহন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে যারা ওই ফি পরিশোধ করেছেন তা সমন্বয় করা হবে।

এর আগে গত ২৪ জুন সিনেট বাজেট অধিবেশনে আবাসন ও পরিবহন ফি মওকুফের প্রস্তাব রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও সিনেটের ছাত্র প্রতিনিধি সাদ্দাম হোসেন।

প্রসঙ্গত, ‘প্রাচ্যের অক্সফোর্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯২১ সালের এই দিনে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছিল এই প্রতিষ্ঠানের। তৎকালীন ব্রিটিশশাসিত বাংলায় এটিই ছিল একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। পরাধীন দেশে এবং রাজকীয় ক্ষতিপূরণ হিসাবে পশ্চাৎপদ এ অঞ্চলের মানুষকে শিক্ষাদীক্ষায় এগিয়ে নিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

The post শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করেছে ঢাবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%b0/

শতবর্ষ পূর্ণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ

ফাতেহ ডেস্ক:

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কয়টি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করে ফারসি ভাষা ও সাহিত্য ও উর্দু তার অন্যতম। উর্দু বিভাগ (পূর্ব নাম ফার্সী ও উর্দু) ১লা জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। তখন ফার্সিতে স্নাতকোত্তর এবং উর্দু সাবসিডিয়ারি হিসেবে শিক্ষাদান করা হত। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর উর্দুতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স শুরু হয়।

এই বিভাগের প্রথম বিভাগীয় প্রধান খান বাহাদুর ফিদা আলী খান। বিভাগের উল্লেখযোগ্য শিক্ষকের মধ্যে ছিলেন ড: আন্দালিব শাদানী, ডঃ শওকত সবজওয়ারী, ড. হানিফ আফতাব আহমেদ সিদ্দিকী। বাংলাদেশে ফার্সি ও উর্দু চর্চা এবং এর বিশাল ও বৈচিত্র্যময় সাহিত্য ভাণ্ডার থেকে রস আস্বাদনের ক্ষেত্রে এ বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৭ সাল থেকে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ আলাদা বিভাগ নামে কার্যক্রম শুরু করে।

বর্তমানে বিভাগের মধ্যে ৯ জন পূর্ণকালীন শিক্ষক ও ৬ জন খণ্ডকালীন শিক্ষক পাঠদান করছেন। পূর্ণকালীন শিক্ষকদের মধ্যে ৪ জন অধ্যাপক, ২ জন সহযোগী অধ্যাপক, ৩ জন সহকারী অধ্যাপক।

বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ইত্যাদি খেলায় সক্রিয় অংশগ্রহণ করে। বিভাগের একটি সেমিনার লাইব্রেরি ও একটি কম্পিউটার ল্যাব রয়েছে। বিভাগ সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বার্ষিক বনভোজন করে।

‘ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অফ উর্দু’ নামে একটি বার্ষিক জার্নালও বিভাগ প্রকাশ করে।

The post শতবর্ষ পূর্ণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac/

ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের সামনের রাস্তা থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ জানান, খবর পেয়ে সকালে রাস্তার পাশ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি আরও জানান, মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছেন। বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

The post ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac/

সর্বাত্মক লকডাউন: জরুরি প্রয়োজন ছাড়া বেরিয়ে গ্রেফতার ১৪

ফাতেহ ডেস্ক:

কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন চলছে।

বৃহস্পতিবার জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বেরিয়ে আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ১৪ জন। রাজধানীর রমনা মোহাম্মদপুর ও শাহবাগ এলাকা থেকে বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, ‘অপ্রয়োজনে ঘোরাফেরা করায়’ সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী জানান, তারা এখন পর্যন্ত ১০ জনকে অপ্রয়োজনীয় চলাফেরার অভিযোগে গ্রেফতার করেছে। এর মধ্যে রায়েরবাজার থেকে ৭ জন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

সারা দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে বিধি-নিষেধ মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে পুলিশের মত র‌্যাবও বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে।

মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে বিধিনিষেধের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠপর্যায়ে প্রয়োজনীয়সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

জারি করা ২১ দফা নির্দেশনার আদেশে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে।

সকাল থেকেই পুলিশ-র‌্যাবের পাশাপাশি সেনাসদস্যদেরকেও সড়কে টহল দিতে দেখা গেছে।

The post সর্বাত্মক লকডাউন: জরুরি প্রয়োজন ছাড়া বেরিয়ে গ্রেফতার ১৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa/

পানি ও স্যানিটেশন: দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

পানি ও স্যানিটেশন খাতের উন্নতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত পাঁচ বছরে এ দুই খাতে বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে ভারত, পাকিস্তান ও নেপালের মতো দেশগুলো। অথচ এ দুই ক্ষেত্রে আগে বাংলাদেশের অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। এসব খাতে এখন শুধু আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের তৈরি ‘জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম—জেএমপি প্রতিবেদন ২০২১’-এ এ চিত্র উঠে এসেছে। পানি ও স্যানিটেশন-সংক্রান্ত বৈশ্বিক তথ্য-উপাত্ত নিয়ে এ প্রতিবেদন তৈরি হয়। আজ ১ জুলাই এটি প্রকাশিত হচ্ছে।

বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৭ শতাংশ মৌলিক স্যানিটেশনের সুবিধা পেত ২০১৫ সালে। ৫ বছর পর এসে তা দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। গত ৫ বছরে এ খাতে পাকিস্তান, নেপাল ও ভারত—এই তিন দেশের অগ্রগতি বাংলাদেশের চেয়ে বেশি। ৫ বছর আগে পাকিস্তানের ৫৯ শতাংশ মানুষ এ সেবার মধ্যে ছিল। ৫ বছর পর তা দাঁড়ায় ৬৮ শতাংশে। নেপালে ১৮ শতাংশ বেড়ে মৌলিক স্যানিটেশনের কভারেজ দাঁড়িয়েছে ৭৭ ভাগে। ভারতে মৌলিক স্যানিটেশন ৫ বছর আগের চেয়ে ১৪ ভাগ বেড়ে ৭১ শতাংশে এসে দাঁড়িয়েছে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটির জনসংখ্যার ৪৩ শতাংশ মৌলিক স্যানিটেশন-সুবিধা পাচ্ছে।

জেএমপি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ২২ শতাংশ মানুষ এখনো অনুন্নত শৌচাগার ব্যবহার করে। স্বাস্থ্যের উন্নয়নে একে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে মনে করেন জনস্বাস্থ্যবিদেরা। ভারত, পাকিস্তান ও নেপালে এ হার যথাক্রমে ২, ৩ ও ১৪ শতাংশ।

নিরাপদ ব্যবস্থাপনায় পরিচালিত স্যানিটেশনের ক্ষেত্রেও বাংলাদেশ গত ৫ বছরে উল্লেখ করার মতো তেমন উন্নতি করেনি। বাংলাদেশে নিরাপদ স্যানিটেশন ব্যবহারের হার ৩৯ শতাংশ। কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো এগিয়েছে জোর কদমে। ভারত ৫ বছরে ৩৬ থেকে ৪৬ শতাংশে পৌঁছেছে। নেপালের প্রায় অর্ধেক মানুষ এখন নিরাপদ স্যানিটেশন ব্যবহারের সুযোগ পায়।

সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে। এ হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

কিন্তু মলের জীবাণু, আর্সেনিক ও অন্যান্য দূষণমুক্ত নিরাপদ সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকলেও পাইপের মাধ্যমে সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে। পাইপের মাধ্যমে সরবরাহ হওয়া পানিকে বেশি নিরাপদ এবং শহরের নাগরিক সুবিধার অংশ বলে মনে করা হয়। বাংলাদেশের মাত্র ১৫ শতাংশ মানুষ পাইপের পানি পায়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এ ক্ষেত্রে নেপালের অগ্রগতি বাংলাদেশের চেয়ে তিন গুণ, ৫০ শতাংশ। ভারতে এ হার ৪৪ আর পাকিস্তানের ২৬ শতাংশ। ২২ শতাংশ নিয়ে আফগানিস্তানের বর্তমান হারও বাংলাদেশের চেয়ে বেশি। বাংলাদেশের গ্রামের মাত্র ৩ শতাংশ মানুষ সরবরাহের পানি পায়। শহরে এ হার ৩৬ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের গ্রামাঞ্চলে সরবরাহের পানি প্রাপ্তির হার সবচেয়ে বেশি। দেশটির ৪৯ শতাংশ মানুষ সরবরাহের আওতায় আছে। ভারতের গ্রামে এ হার ৩২ শতাংশ, পাকিস্তানে ১৫ শতাংশ।

নারীদের মাসিক ব্যবস্থাপনায় সচেতনতা ও অবকাঠামোর দিক থেকেও বাংলাদেশ ও নেপাল প্রায় একই অবস্থানে আছে। তবে বৈশ্বিক এই প্রতিবেদনে ২৩০টি দেশ পানি ও স্যানিটেশন-বিষয়ক উপাত্ত দিলেও মাসিক ব্যবস্থাপনার তথ্য-উপাত্ত মাত্র ৪১টি দেশ দিতে পেরেছে। বাংলাদেশই একমাত্র দেশ, যে মাসিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সব তথ্য দিতে পেরেছে।

The post পানি ও স্যানিটেশন: দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3/

Wednesday, June 30, 2021

ঢাকার সরকারি ৫ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই

ফাতেহ ডেস্ক:

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অন্যতম বড় পাঁচটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। আজ বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউ বেডের সংখ্যা ১০টি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০টি, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে ২৪টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের ১০ বেড রয়েছে। বর্তমানে এই বেডগুলোর সবগুলোতেই রোগী ভর্তি। একইসঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সাধারণ ২৭৫ শয্যার মধ্যে অতিরিক্ত রোগী ভর্তি আছেন ১৩ জন।

এছাড়া, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাপসাতালের ২৬ আইসিইউ বেডের মধ্যে ছয়টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে নয়টি, সরকারি কর্মচারি হাসপাতালের ছয়টি বেডের মধ্যে একটি, জাতীয় হৃদরোগ ইন্সটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের পাঁচ বেডের মধ্যে তিনটি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে একটি আর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের ২১২টি বেডের মধ্যে খালি রয়েছে ১১২টি বেড।

অর্থ্যাৎ, রাজধানী ঢাকার অন্যতম ১৬টি হাসপাতালের ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে ১৩৯টি বেড।

The post ঢাকার সরকারি ৫ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/