Wednesday, March 2, 2022

জাতিসংঘে ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে ও নিন্দায় জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদের বিতর্কে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেয়। পাশাপাশি জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতার নীতির প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

এর আগে ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে নিন্দাসূচক প্রস্তাবে রাশিয়ার ভেটোর কারণে তা বাতিল হলে বিষয়টি আলোচনার জন্য সাধারণ পরিষদে স্থানান্তরিত হয়।

সোম ও মঙ্গলবার এই বিতর্কে যেসব দেশ অংশগ্রহণ করে, তাদের অনেকেই ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার সমালোচনা করে। শুধু পশ্চিমা দেশগুলোই নয়, তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ এই হামলাকে আন্তর্জাতিক আইনভিত্তিক বিশ্বব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করে।

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন মৈত্রীর সূত্রে আবদ্ধ—এমন অনেক দেশ এ আগ্রাসনের জন্য কোনো পক্ষকে দায়ী করার বদলে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের ওপর জোর দেয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপপ্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বানের পাশাপাশি যুদ্ধপীড়িত অঞ্চল থেকে সরে যেতে আগ্রহী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সময় নিউইয়র্কে অবস্থান করলেও জাতিসংঘের এই বিতর্কে অংশ নেননি। একটি স্থানীয় বাংলা টিভির সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব রকম যুদ্ধের বিরুদ্ধে। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক, আমরা সেটাই চাই।’ তিনি জানান, ক্ষুদ্র দেশ হিসেবে সব রকম যুদ্ধ ও আন্তর্জাতিক সংকট বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।

The post জাতিসংঘে ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87/

ইউক্রেনে হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

এক সপ্তাহ ধরে চলমান ইউক্রেন হামলায় ১৩৬ বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে।  নিহতদের মধ্যে ১৩ শিশুও রয়েছে। এই তথ্য দিয়েছে জাতিসংঘ। যদিও ইউক্রেন বলছে— হতাহতের সংখ্যা অনেক বেশি।

জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। হতাহতদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কের ২৫৩ জন রয়েছে। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

থ্রোসেল জানান, গোলাবর্ষণ, বিমান হামলা ও বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।  জাতিসংঘ বলছে, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন।

তবে ইউক্রেন সরকারের দাবি এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। আর আহত হয়েছেন ১৬৮৪ জন।

এদিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়।

The post ইউক্রেনে হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b8/

Tuesday, March 1, 2022

ইউক্রেন-রাশিয়া সংঘাত: আন্তর্জাতিক আদালতে শুনানি ৭-৮ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যে অভিযোগ করেছে ইউক্রেন, তার শুনানি আগামী ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে। আইসিজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, আইসিজেতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ ইউক্রেন করেছে তার শুনানি হবে ৭ ও ৮ মার্চ।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের প্রসিকিউটর করিম খান এরই মধ্যে ইউক্রেনে তদন্ত করার ঘোষণা দিয়েছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করে দেশটি।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসনে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

The post ইউক্রেন-রাশিয়া সংঘাত: আন্তর্জাতিক আদালতে শুনানি ৭-৮ মার্চ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d/

৫ জেলার অবৈধ ইটভাটা ধ্বংস করার নির্দেশ আদালতের

ফাতেহ ডেস্ক:

কোনো ধরনের বিলম্ব ছাড়াই ঢাকাসহ পাঁচ জেলায় থাকা অবৈধ ইটভাটার সব ধরনের স্থাপনাসহ নির্মাণসামগ্রী ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাঁচ জেলার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন উচ্চ আদালত। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পাঁচ জেলার জেলা প্রশাসকদের এই নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে দ্রুত আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পরবর্তী আদেশের জন্য আগামী ৫ এপ্রিল তারিখ রেখেছেন আদালত।

The post ৫ জেলার অবৈধ ইটভাটা ধ্বংস করার নির্দেশ আদালতের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%ab-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%9f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8/

প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফাতেহ ডেস্ক:

এখন থেকে সারাদেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা।

মঙ্গলবার (১ মার্চ) থেকে এ নির্দেশনা বাস্তবায়ন হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এসময়ে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সব সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

The post প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a7%ab-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/

ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের আবেদনে স্বাক্ষর জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের জন্য আবেদন করেছে ইউক্রেন। সোমবার সেই আবেদনে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি।

রাশিয়ার সামরিক অভিযান ঠেকানো দরকার। তাই জরুরিভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের জন্য এই আবেদন করেন জেলেনস্কি। দেশের প্রতিরক্ষার স্বার্থে এই পদক্ষেপ বলে জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

মঙ্গলবার ইউক্রেন পার্লামেন্টের নিজস্ব টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে দেওয়া ছবিতে জেলেনস্কির সঙ্গে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এবং পার্লামেন্টের চেয়ারম্যান রুসলন স্টিফেনচুককে। তাদের উপস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আবেদনপত্রে সই করেন ইউক্রেন প্রেসিডেন্ট। একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলছে ইউক্রেন।

পাঁচদিন রক্তক্ষয়ী যুদ্ধের পর সোমবার বেলারুশে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। সেখানে দু’দেশের ঠিক কী আলোচনা হয়েছে,তার আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে রুশ সংবাদ সংস্থা সূত্রের খবর, মস্কো ও কিয়েভের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে।

ইউক্রেন চেয়েছিল অতিসত্ত্বর তাদের দেশ থেকে সেনা প্রত্যাহার করুক রাশিয়া। কিন্তু যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনের দু’টি শহর রাশিয়া কবজা করে নেয় বলে খবর ছড়িয়ে পড়ে। এমনকি উপগ্রহ চিত্রে দেখা যায়, ৪০ কিলোমিটার দীর্ঘ সেনা কনভয় নিয়ে ইউক্রেন রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী।

এই পরিস্থতিতিতে প্রতিরক্ষার জন্য দ্রুত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত দেশগুলোর সাহায্য চাইছে ইউক্রেন। পাশাপাশি, রাশিয়ার জন্য আকাশপথে নিষেধাজ্ঞা আনতে পূর্বের দেশগুলোকে আবেদন করেছেন জেলেনস্কি। তার দাবি, ওই পথেই খারকিভে ঢুকে অনবরত ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে পুতিন-বাহিনী।

সূত্র: দ্য হিল, রয়টার্স, টাইমস অব ইসরায়েল

The post ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের আবেদনে স্বাক্ষর জেলেনস্কির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87/

এসএসসি ১৯ জুন শুরু, এইচএসসি ২২ আগস্ট

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। এর মধ্যে এসএসসি পরীক্ষা হবে আগামী ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা হবে আগামী ২২ আগস্ট। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফরম পূরণ, প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ১৩ এপ্রিল। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে।

অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে ১৪ জুলাই।

The post এসএসসি ১৯ জুন শুরু, এইচএসসি ২২ আগস্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8/