Tuesday, May 10, 2022

সারাদেশে ৩ দিন বৃষ্টি থাকতে পারে

ফাতেহ ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশের স্থলভাগ থেকে এখনো এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। তবে এর অগ্রবর্তী অংশের প্রভাবে গতকাল সোমবার (৯ মে) থেকে সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবারের মত বুধবারও (১১ মে) দেশের উপকূলীয় তিন বিভাগে (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এই তিন বিভাগে আগামী তিনদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১০ মে) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। মঝে মধ্যে হালকা বৃষ্টি হয়েছে। তবে বেলা ৩টার পর থেকে মেঘের আনাগোনা বেড়ে যায়। সাড়ে তিনটার দিকে চারপাশ অন্ধকার হয়ে যেন সন্ধ্যা নামে রাজধানীতে। এরপরই শুরু হয় তুমুল বৃষ্টি।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়।

মঙ্গলবার ভারি বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনির অগ্রবর্তী অংশের প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অন্যদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর- ১৩) ঘূর্ণিঝড় অশনির বিষয়ে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

‘প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।’

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

 

The post সারাদেশে ৩ দিন বৃষ্টি থাকতে পারে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/

Monday, May 9, 2022

হজযাত্রীদের জন্য ঘণ্টায় ৭ হাজার ডলারে বিদেশি উড়োজাহাজ ভাড়া!

ফাতেহ ডেস্ক:

হজযাত্রী বহনে বিদেশি উড়োজাহাজ ভাড়া করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লিথুনিয়ার হেস্টন এয়ারলাইন্সের দুটি ‘এয়ারবাস এ-৩৩০ এস’ মডেলের উড়োজাহাজ ওয়েট লিজিংয়ে (স্বল্প সময়ের জন্য ভাড়া) আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

সংশ্লিষ্টরা বলছেন, হেস্টনের উড়োজাহাজ দুটি আনলে অতিরিক্ত খরচ পড়তে পারে ২০০ কোটি টাকা। অন্য যেকোনো দেশ থেকে উড়োজাহাজ লিজে আনলে খরচ আরও কম পড়ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এপ্রিলের ৩০ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের ২৭৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬৬ আসনের ওই দুটি উড়োজাহাজ ওয়েট লিজিংয়ে আনার সিদ্ধান্ত হয়। বোর্ড সভায় বিমানের চেয়ারম্যান-এমডি, বিমানের করপোরেট প্ল্যানিং ও ট্রেনিং বিভাগের আট কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছিলেন না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট পাঁচজন।

বিমান সূত্র জানায়, বিমান বাংলাদেশের কাছে হজ ফ্লাইট পরিচালনার জন্য মোট ১১টি এয়ারলাইন্স উড়োজাহাজ লিজ দেওয়ার প্রস্তাব দেয়। ফ্রান্সভিত্তিক এয়ারলাইন্স লিজ দেওয়া-নেওয়ার ব্রোকার এভিকো ও এয়ার এশিয়া উড়োজাহাজ ভাড়া দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। তবে সেসব প্রস্তাব গ্রহণ করেনি বিমান। অথচ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এভিকোর দেওয়া উড়োজাহাজ এবং ২০১৭ সালে এয়ার এশিয়ার উড়োজাহাজ লিজ নিয়েছিল বিমান।

সূত্র আরও জানায়, হেস্টন এয়ারলাইন্স বিমানকে ‘ব্লক আওয়ার’ সুবিধার মাধ্যমে উড়োজাহাজ ভাড়া দেবে। ব্লক আওয়ার বলতে বোঝায় উড়োজাহাজটি ব্যবহার করে বিমান যত ঘণ্টা ফ্লাইট পরিচালনা করবে, তত ঘণ্টার টাকা পরিশোধ করবে। এক্ষেত্রে হেস্টন এয়ারলাইন্স প্রতি ঘণ্টায় বিমানের কাছ থেকে সাত হাজার ডলার নেবে।

The post হজযাত্রীদের জন্য ঘণ্টায় ৭ হাজার ডলারে বিদেশি উড়োজাহাজ ভাড়া! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f/

বাংলাদেশ থেকে হজযাত্রী নেওয়ার অনুমতি পেল ফ্লাইনাস

ফাতেহ ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের পর তৃতীয় এয়ারলাইন্স হিসেবে বাংলাদেশের হজযাত্রী বহনের অনুমতি পেল সৌদি আরবভিত্তিক কম খরুচে এয়ারলাইন্স প্রতিষ্ঠান ফ্লাইনাস। এ বছর থেকেই এয়ারলাইন্সটি হজযাত্রী বহন করতে পারবে।

সম্প্রতি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ফ্লাইনাসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। অনুমতিপত্রে ডিজিটালি (স্ক্যান করা) স্বাক্ষর করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।

গত ২০ এপ্রিল এ বিষয়ে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি থেকে বাংলাদেশের বেবিচককে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনের জন্য তৃতীয় এয়ারলাইন্স হিসেবে ফ্লাইনাসকে মনোনীত করা হয়েছে। সৌদির সিভিল এভিয়েশন হজযাত্রী পরিবহনে ফ্লাইনাসকে অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া আশা করছে। অনুমতি পাওয়া পর ফ্লাইনাস তাদের ফ্লাইট সংখ্যা এবং সময়সূচি ঘোষণা করবে।

করোনা সংকট কাটিয়ে দুবছর পর উন্মুক্ত হওয়া হজে বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন যেতে পারবেন। সৌদি সরকারের চুক্তি অনুযায়ী, যাত্রীদের ৫০ শতাংশ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর বাকী অর্ধেক সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। এবার সৌদি আরবের অংশের ৫০ ভাগ যাত্রীতে সাউদিয়ার সঙ্গে ভাগ বসাবে ফ্লাইনাস। তবে তাদের অনুপাত কেমন হবে সেটি জানায়নি সৌদি।

The post বাংলাদেশ থেকে হজযাত্রী নেওয়ার অনুমতি পেল ফ্লাইনাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8/

গুজরাটে ৬০০ মুসলিম মৎস্যজীবীর স্বেচ্ছামৃত্যুর আবেদন!

আন্তর্জাতিক ডেস্ক:

বিজেপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে আদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন ভারতের গুজরাটের ৬০০ মুসলিম মৎস্যজীবী।

সোমবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পোরবন্দর মোহন দাস করম চাদ গান্ধীর জন্মভূমি গুজরাটের পোরবন্দরে। হাজার বছর ধরে এই অঞ্চলে মুসলিম মৎস্যজীবীরা বসবাস করে আসছেন।

প্রতিবেদনে বলা হয়, পোরবন্দরের গোসাবারা জলাভূমির মৎস্যজীবীদের নেতা আল্লারাখা ইসমাইল ভাই থিম্মার হাইকোর্টে গত বৃহস্পতিবার এই আবেদন করেছেন।

স্বেচ্ছামৃত্যুর আবেদন করা ৬০০ মুসলিম মৎস্যজীবী বিজেপি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত বৈষম্যের অভিযোগ করেছেন।

আবেদনে বলা হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে চরম খারাপ হয়েছে। তার কারণ নরেন্দ্র মোদী-অমিত শাহর দলের পরিচালিত রাজ্য সরকারের বৈষম্য। পরিস্থিতি এতটাই খারাপ যে জীবনধারণ করাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি এবং তার সঙ্গে ৬০০ জনকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক আদালত।

গোসাবারা মুসলিম ফিশারমেনস সোসাইটির অভিযোগ, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মৎস্যজীবীরা সরকারের বঞ্চনার শিকার হচ্ছেন। ওই সম্প্রদায়ের মৎস্যজীবীদের কোনো রকম সরকারি সহায়তা দেওয়া হচ্ছে না। নানা ভাবে তাদের হেনস্তা করা হচ্ছে।

The post গুজরাটে ৬০০ মুসলিম মৎস্যজীবীর স্বেচ্ছামৃত্যুর আবেদন! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/

আল-আকসা ও জেরুসালেমের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব দাবি, হামাসের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক:

আল-আকসা মসজিদ ও জেরুসালেম শহরের ওপর ইসরাইল সার্বভৌমত্ব দাবি করার পর হামাস তা প্রত্যাখ্যান করেছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনের জেরুসালেম শহর ও আল-আকসা মসজিদের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরাইলের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস।

এ বিবৃতিতে হামাসের রাজনৈতিক বিভাগের সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, এ ধরনের মন্তব্যে ফিলিস্তিনিদের পবিত্র অধিকার ও আল-আকসা মসজিদের ওপর জর্ডানের অভিভাবকত্বের লঙ্ঘন। এটা আন্তর্জাতিক রীতি-নীতি ও আইনবিরোধী।

হামাসের এ নেতা বলেন, আমরা আবারো জোর দিয়ে বলছি যে দখলদার ইসরাইলি সরকারের এমন কোনো অধিকার নেই যার ওপর ভিত্তি করে তারা আল-আকসা ও জেরুসালেমের ওপর সার্বভৌমত্ব দাবি করে।

তিনি আরো বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের এমন উক্তি মূলত আল-আকসা ও জেরুসালেমের ওপর দখলদারিত্ব আরোপের মরিয়া প্রচেষ্টা, এটা অবশ্যই ব্যর্থ হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post আল-আকসা ও জেরুসালেমের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব দাবি, হামাসের প্রত্যাখ্যান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0/

পুলিৎজারে বিশেষ পুরস্কার পেল ইউক্রেনের সাংবাদিকেরা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ ছাড়া ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।

পুরস্কার ঘোষণার সময় পুলিৎজারের বোর্ড সদস্য মার্জরি মিলার বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার ঘটনা স্পষ্টভাবে তুলে ধরার জন্য ওয়াশিংটন পোস্টকে এ বছরের পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনের মাধ্যমে মানুষ দেশের ‘সবচেয়ে অন্ধকার দিনগুলো’ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছিলেন।

২০২১ সালের ওই দিনে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা। এদিকে ওই হামলার ছবি তুলে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পেয়েছেন গেটি ইমেজের আলোকচিত্রীদের একটি দল। গত বছরে আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ছবি তুলে একই বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের আলোকচিত্রী মার্কাস ইয়াম।

এবারের পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকেরা। দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার অভিযান চলছে। অভিযানের সময়ের খবরাখবর তুলে ধরার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুলিৎজারে জাতীয় বিষয়ে প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন ও সমালোচনা বিভাগে তিনটি পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদক আন্দ্রেয়া এলিয়ট তাঁর ‘ইনভিসিবল চাইল্ড: পোভার্টি, সারভাইভাল অ্যান্ড হোপ ইন অ্যান আমেরিকান সিটি’ বইয়ের জন্য আলাদাভাবে একটি পুরস্কার পেয়েছেন। ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার জিতেছে মিয়ামি হেরাল্ড।

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

The post পুলিৎজারে বিশেষ পুরস্কার পেল ইউক্রেনের সাংবাদিকেরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

১৫ মে’র মধ্যে লিড এজেন্সি নির্ধারণ করে হজযাত্রী স্থানান্তর

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের হজের জন্য আগামী ১৫ মে’র মধ্যে লিড এজেন্সি নির্ধারণ করে ২০২০ সালের নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তর করতে হবে।

সোমবার (৯ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালে হজ কার্যক্রম পরিচালনার জন্য বৈধ হজ এজেন্সির তালিকায় প্রকাশিত যে সব হজ এজেন্সির প্রাক-নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ৯৭ বা এর বেশি সেসব এজেন্সিকে ২০২২ সালের হজের নিবন্ধন স্থানান্তর কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশক্রমে অনুমতি দেওয়া হলো। পাশাপাশি নিবন্ধন স্থানান্তর কার্যক্রমের জন্য উপযুক্ত বা তালিকায় প্রকাশিত বৈধ যেসব হজ এজেন্সির নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ৯৭ জনের কম সেসব হজ এজেন্সি পরস্পর সমঝোতা করে সমন্বয়পূর্বক ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং এর অধীনে প্রণীত ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (খসড়া)’ এর ২৫ বিধি অনুযায়ী লিড এজেন্সি নির্ণয় করে সমন্বয়কারী এজেন্সিগুলোর নিবন্ধিত ব্যক্তিদের লিড এজেন্সিতে স্থানান্তর করে নির্ধারিত কোটা পূরণ ও নির্ধারিত কোটার সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করবে।

আগামী ১৫ মে’র মধ্যে লিড এজেন্সি নির্ধারণ করে ২০২০ সালের নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তর সম্পন্ন করতে হবে। সমন্বয়কার্য শেষে সৌদি আরবের ই-হজ সিস্টেমে ইউজার তৈরির জন্য সৌদি আরবে হজ এজেন্সির তালিকা এবং হজ এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা (গাইড ও মোনাজ্জেমসহ) পাঠানো হবে। সেই পরিপ্রেক্ষিতে কোনো সময় বাড়ানো হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৌদি আরবে এজেন্সিভিত্তিক হজযাত্রীর তথ্য পাঠানোর পর সব ধরনের প্রতিস্থাপনের কার্যক্রম শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব হজ এজেন্সি বিভিন্ন অভিযোগে শাস্তিপ্রাপ্ত, লাইসেন্স স্থগিত বা লাইসেন্স সচল না থাকায় ই-হজ সিস্টেমে এজেন্সির ইউজার আইডি এবং পাসওয়ার্ড বন্ধ সেসব হজ এজেন্সির অধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীদের ২০২২ সালে হজ কার্যক্রমে সচল আছে এবং সৌদি আরবে হজযাত্রী পাঠানোর উপযুক্ত এমন হজ এজেন্সির কাছে ১৫ মে’র মধ্যে শুধু হজযাত্রী স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তাদের ইজার আইডি এবং পাসওয়ার্ড আগের মতো বন্ধ থাকবে (কোন নিবন্ধন, হজযাত্রী স্থানান্তরপূর্বক গ্রহণ ইত্যাদি কার্যাদি সম্পন্ন করতে পারবে না)।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। করোনাভাইরাস মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দু-বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

 

The post ১৫ মে’র মধ্যে লিড এজেন্সি নির্ধারণ করে হজযাত্রী স্থানান্তর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf/