Monday, February 27, 2023

কেন্দ্রীয় পরীক্ষাগুলো কতটা যোগ্যতা যাচাই করতে পারছে?

রাকিবুল হাসান নাঈম:

কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষাগুলো ছাত্রদের যোগ্যতা সঠিকভাবে যাচাই করতে পারছে না। এক্ষেত্রে সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে দায়ি করছেন শিক্ষকরা। তারা বলছেন, জেনারেল ধারার শিক্ষার মতো এখানেও ঢুকে গেছে পরীক্ষায় ভালো করার গতানুগতিক প্রতিযোগিতা। ফলে বাড়ছে নোট-গাইড নির্ভরশীলতা এবং আরবি বাদ দিয়ে বাংলায় লেখার প্রবণতা।

কেন্দ্রীয় পরীক্ষাগুলোর মধ্যে বেফাকের অধীনে পরীক্ষা হয় তাইসির, নাহবেমির, শরহেবেকায়া এবং মেশকাতে। তাকমিলের পরীক্ষা হয় হাইয়াতুল উলয়ার অধীনে। নাহবেমিরের প্রশ্নপত্র হয় বাংলায়। ছাত্ররাও পরীক্ষা দেয় বাংলায়। শরহেবেকায়া, মেশকাত ও তাকমিলে প্রশ্নপত্র আরবিতে হলেও অধিকাংশ ছাত্রই উত্তরপত্র লিখে বাংলায়। হাইআতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক এবং সহপরিচালকের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।

এ প্রসঙ্গে কথা হয় জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের সঙ্গে। তিনি ফাতেহকে বলেন, ‘মূলত কওমি ধারায় পরীক্ষাটা মূল লক্ষ্য না। মূল লক্ষ্য থাকে ছাত্রদের যোগ্য করে তোলা। তাই শিক্ষকরাও পরীক্ষার ‍উপর জোর দেন না। জোর দেন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকাকে। তবে যারা সারাবছর ভালো করে পড়াশোনা করে, তার পরীক্ষাতে ভালো করেই।’

যোগ্যতার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘কওমি ধারায় চেষ্টা করা হয়, একজন ছাত্র যেন আরবিতে পূর্ণ যোগ্য হয়ে উঠে। যেহেতু ইসলামের মূল ভাষ্য আরবিতে, তাই। শিক্ষকরা এটাই চেষ্টা করেন। কিন্তু পরীক্ষায় যে বাংলায় লেখার স্রোত তৈরী হয়েছে, এটা হয়েছে অসুস্থ এক প্রতিযোগিতার কারণে। এখন জেনারেল শিক্ষার মতো কওমি শিক্ষাতেও ভালো রেজাল্ট নিয়ে তোড়জোড় দেখা যায়। ছাত্রের মৌলিক যোগ্যতা থাকুক বা না থাকুক। ফলে অনেকে নোট-গাইড পড়ে পরীক্ষায় ভালো করে ফেলছে।’

কেন্দ্রীয় পরীক্ষাগুলো ছাত্রদের যোগ্যতা সঠিকভাবে যাচাই করতে পারছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যোগ্যতা সঠিকভাবে যাচাই করতে পারছে এটা বলা যাবে না। এই না পারার পেছনে দুটি কারণ আছে।

প্রথমত, প্রশ্নপত্রের ধরণ এবং পরীক্ষা সিস্টেম। নাহবেমিরে আরবি পড়া শুরু হয়। ব্যাকরণের প্রথম গ্রন্থ পড়ানো হয়। তাই প্রথম বই পড়েই তাদেরকে কেন্দ্রীয় পরীক্ষায় বসতে হচ্ছে। ফলে তারা আরবিতে লিখতে পারছে না। প্রশ্নপত্রও ঠিকভাবে করা যাচ্ছে না। সহজ করতে হচ্ছে। ফলে যোগ্যতা যাচাইয়ের মানদণ্ড ব্যহত হচ্ছে। এটা না করে যদি হেদায়াতুন্নাহু কিংবা কাফিয়াতে কেন্দ্রীয় পরীক্ষাটা নেয়া হতো, তাহলে যোগ্যতা যাচাইয়ের প্রশ্ন ছিল। কারণ, তখন সে নাহু-সরফের বেশ কয়েকটি কিতাব পড়ে ফেলে। তখন মন খুলে যেমন প্রশ্ন করা যায়, ছাত্ররাও উত্তর দিতে পারে। নাহবেমিরে সে সুযোগ নেই।

দ্বিতীয়ত, আমাদের সিলেবাস। প্রশ্নপত্রের মান উন্নত করতে বোর্ড যেমন তৎপরতা দেখায়, বিভিন্ন সময় উদ্যোগ নেয়, সিলেবাস পরিমার্জন কিংবা উন্নত করতে এই উদ্যোগ দেখা যায় না। ফলে অস্থিরতা তৈরী হয়। মিজনা-নাহবেমির কিতাব দুটি ফারসি ভাষায় লেখা। অনেকেই ফারসি পড়ান না। বাংলায় কিংবা আরবিতে পড়ান। এছাড়াও বিভিন্ন ক্লাসে বিভিন্ন কিতাব পরিমার্জন করা যেতে পারে। যেগুলো ছাত্রদের যোগ্যতা বৃদ্ধি করবে।’

তবে বেফাক বোর্ড মহাপরিচালকের দাবি, চলতি বছর শুরু হওয়া বেফাক পরীক্ষার ধরণে বেশ পরিবর্তন এনেছেন তারা। এতে ছাত্রদের যোগ্যতা যাচাই হবে। মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভি ফাতেহকে বলেন, ‘এবারের প্রশ্নগুলো লক্ষ্য করলে দেখবেন, যারা গাইড নির্ভর পড়াশোনা করেছে, তারা আটকে যাচ্ছে। তারা লিখতে পারছে না। আমরা এবার প্রশ্নপত্রের ধরণ বদলে দিয়েছি। ফলে মূল বই না পড়ে পরীক্ষায় বসলে সে লিখতে পারবে না। সামনে এটা আরও পরিবর্তন হবে।’

কয়েকজন শিক্ষক ফাতেহকে জানিয়েছেন, এবারের বেফাক পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ বদলেছে। যারা গাইডনির্ভর পড়াশোনা করেছে, তারা ভালো করতে পারছে না। বরং যারা মুল কিতাব ভালো করে পড়েছে, তারাই ভালো করছে।

The post কেন্দ্রীয় পরীক্ষাগুলো কতটা যোগ্যতা যাচাই করতে পারছে? appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95/

Sunday, February 26, 2023

ফাঁকা নাগরিক সনদপত্রে স্বাক্ষর করতে পারবেন না ইউপি চেয়ারম্যানরা

ফাতেহ ডেস্ক:

সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার একটি অপূরণকৃত নাগরিক সনদপত্র স্বাক্ষর করেন। এ কারণে তাকে সতর্ক করার পর দেশের অন্য ইউপি চেয়ারম্যানদের এ কাজ না করতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসককে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার গত ১৬ জুন একটি অপূরণকৃত নাগরিক সনদপত্র স্বাক্ষর করেন। এ অভিযোগে তাকে ১৯ জুলাই এ বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে তিনি জবাব প্রেরণ করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

‘উপজেলা নির্বাহী অফিসারের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, বর্ণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপূরণকৃত নাগরিক সনদপত্র স্বাক্ষর করে জারি করার অভিযোগে এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সতর্ক করা হলে তারপর থেকে আর কোনো অপূরণকৃত নাগরিক সনদ বা প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেননি। কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং বিধি-বিধান অনুসরণের নির্দেশনা প্রদান করে এ বিভাগ থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

এতে আরও বলা হয়, এ অবস্থায় সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফারের মতো কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপূরণ করা নাগরিক সনদপত্র স্বাক্ষর করে যেন জারি না করেন, সে বিষয়ে তার জেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।

The post ফাঁকা নাগরিক সনদপত্রে স্বাক্ষর করতে পারবেন না ইউপি চেয়ারম্যানরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d/

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ওমানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দিয়েছে ওমান। সামা নিউজ এ খবর জানিয়েছে।

ইসরাইলি চ্যানেল ১২, সামা নিউজ জানায়, ইসরাইলি বিমানকে ওমান তার আকাশের ওপর দিয়ে উড্ডয়নের অনুমতি দেয়ার পর দেশটি এই প্রতিশ্রুতি দেয়।

চ্যানেল ১২ জানঅয়, এই প্রতিশ্রুতির বিনিময়েই ইসরাইলি এয়ারলাইন্সগুলোর জন্য আকাশপথ খুলে দেয়ার ওমানি সিদ্ধান্তের নিন্দা করেনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন ঘোষণা করেন, ওমান তার আকাশপথ দিয়ে ইসরাইলি বিমান চলাচলের অনুমতি দিয়েছে। তিনি একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জানান, এর ফলে এশিয়ার বিভিন্ন দেশে আরো কম সময়ে চলাচল করতে পারবে ইসরাইলি বিমান।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ওমানের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d/

Saturday, February 25, 2023

বাংলাদেশি হাজিদের বিমানভাড়া এত বেশি কেন?

মুনশী নাঈম:

প্রতি বছর বাড়ছে হজে যাওয়ার খরচ। বিমান ভাড়াসহ সব খরচ মিলিয়ে চলতি বছর হজ প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকা বেশি। এর মধ্যে গত বছরের চেয়ে চলতি বছর বিমানের ভাড়াই বেড়েছে ৫৮ হাজার টাকা। গত চার বছরে হজ প্যাকেজের মূল্য বেড়েছে ৩ লাখ ৩৮ হাজার টাকা। আর ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিমান ভাড়া বেড়েছে ৭৯ হাজার ২৬৩ টাকা। এই ভাড়া গত বছরের চেয়ে বেড়েছে ৫৮ হাজার টাকা।

হাব ও হজ এজেন্সিগুলো বলছে, সরকার চাইলে বিমান ভাড়া আরও কমাতে পারতো। পৃথিবীর বিভিন্ন দেশে হজের ভাড়া কম। দেশের মানুষের কথা চিন্তা করে তারা ভর্তুকি দেয়। না হলে অন্তত যা খরচ হয় সেই ভাড়া নির্ধারণ করে। কিন্তু বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান এককভাবে অতিরিক্ত মুনাফায় ভাড়া প্রস্তাব করে। সারা বছর লোকসান কমায় হজের মৌসুমে অতিরিক্ত ভাড়া আদায় করে। হজ ফ্লাইট থেকে বিমান ৮০-১৫০ কোটি টাকা পর্যন্ত মুনাফা করে। বিমানের আয়ের ১৫ শতাংশ হয় হজ ফ্লাইট থেকে।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের বহন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স। বিমান ৫০ শতাংশ যাত্রী বহন করবে। বিমানের প্রস্তাবিত ভাড়ার ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর ভাড়া ৭০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেয় বিমান। এর প্রেক্ষিতে ৫৮ হাজার টাকা বৃদ্ধি করে ধর্ম মন্ত্রণালয়।

বিমান কর্তৃপক্ষের দাবি

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ ফ্লাইটের চাইতে হজ ফ্লাইটে খরচ অনেক বেশি হয়। ফ্লাইট এমনভাবে পরিচালনা করা হয় যেখানে সাধারণত অন্যান্য যাত্রীদের নেয়া হয় না। হজ ফ্লাইটে যাত্রীদের সৌদি নামিয়ে খালি ফিরতে হয়, অন্যদিকে আনতে যাওয়ার সময়ও যেতে হয় খালি। তাদের হিসেবে যেহেতু যাত্রীপ্রতি চারবার বিমান উড্ডয়ন করা হচ্ছে সেহেতু ভাড়া সর্বোচ্চ দ্বিগুণ হয়।

তবে প্রতিবেশী দেশ ভারতে হজের সাধারণ সময়কার সমানই বিমান ভাড়া নেয় হাজিদের থেকে। বাংলাদেশের তুলনায় দেশটি থেকে হজে বেশি সংখ্যক মানুষ যান। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানেও ভাড়া নেয়া হয় অন্যান্য সময়ের মতোই।

দ্বিগুণ ভাড়া কেন নেয়া হয় জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা শাকিল মিরাজ এ প্রশ্নের জবাবে ফাতেহকে বলেন, ‘বিমান বাংলাদেশ অন্যান্য দেশের এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর তুলনায় ভিন্ন। কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স হাজিদের জন্য সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করে। এর মানে হলো ফ্লাইটগুলো কোথাও ট্রানজিট নেয় না। তবে ভারতীয় এবং ইন্দোনেশিয়ার হাজিরা এ সুবিধা পান না। যখন কোনো বিমান ট্রানজিট নেয় তখন সেটি গন্তব্যে পৌঁছাতে চার থেকে ছয় ঘণ্টা বেশি সময় নেয়। এটা হাজিদের ভোগান্তিতে ফেলে। আর বাংলাদেশ থেকে হজে যাওয়ার ব্যক্তিরা অন্যান্য দেশের হাজিদের তুলনায় বেশি বয়স্ক থাকেন। এছাড়া চলতি বছর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি তো আছেই। এ কারণেই মূলত এ বছর এত বেশি ভাড়া রাখতে হয়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন ‘কমানো যেতে পারতো’

এয়ারলাইন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের খরচ অনেকটা কমানো যেতে পারে। কিভাবে কমানো যেতে পারে তা উল্লেখ করে বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিস উদ্দিন ইমতিয়াজ বলেন, ফ্লাইটগুলোকে এয়ারপোর্টকে টাকা দিতে হয় সেখানে কতজন যাত্রী রয়েছেন তা এবং ওজনের ওপর নির্ভর করে। কিন্তু হজ ফ্লাইটের চারবার যাত্রার দুইবারেরই যাত্রী থাকছে না। এছাড়া যাত্রীরা টার্মিনাল ব্যবহার করায়ও যে ফি বিমানবন্দরকে দিতে হয় তাও দিতে হচ্ছে না দুইবার। এছাড়া হজ ফ্লাইটগুলো পরিচালনার জন্য বিমানবন্দরে বিমান তেমন হ্যাংগিং অবস্থায় রাখার দরকার না হওয়ায় এক্ষেত্রেও বেশকিছুটা টাকা বেঁচে যায় এয়ারলাইনগুলোর। এতক্ষেত্র থেকে টাকা বেঁচে যাওয়ায় সৌদি কর্তৃপক্ষকে হজ র‌য়্যালটি ফি দিতে হলেও স্বাভাবিক হিসেবই বলছে বিমান চাইলে যাত্রীপ্রতি অন্তত ২৫ হাজার টাকা কমাতে পারে বিমান কর্তৃপক্ষ।

ট্র্যাভেল এজেন্সিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে দেওয়া লিখিত আবেদনে বলেছেন, হজযাত্রীদের বিমান ভাড়া এবার অনেক বেশি ধরা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর ব্যয় হবে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। পাশাপাশি পশু কোরবানির জন্য ন্যূনতম খরচ হবে ২৮ হাজার ৩৯০ টাকা। গত বছর কোরবানির খরচ ছিল ১৯ হাজার ৬৮৩ টাকা। এ বছর বেড়েছে ৮ হাজার ৭০৭ টাকা। ফলে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে ১ লাখ ৭০ হাজার ৫৭২ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন প্যাকেজমূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করেছে হাব। এর সঙ্গে কোরবানির খরচ যুক্ত হবে। এ বছর হজযাত্রী বিমানভাড়া ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা, যা গত বছর থেকে ৫৭ হাজার ৭৯৭ টাকা বেশি। ধর্ম মন্ত্রণালয়ের হিসাবে, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে হজের ব্যয় বেড়েছে ৩ লাখ ৩৮ হাজার ১৫ টাকা। যদিও এ বছর সৌদি সরকার হজের আনুষঙ্গিক ব্যয় কমিয়েছে। বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারিত করা হলে হজযাত্রীদের আর্থিক ও মানসিক চাপ অনেকটাই হ্রাস পাবে।

এ বিষয়ে আটাবের মহাসচিব আব্দুস সালাম আরেফ ফাতেহকে বলেন, এ বছর হজে খরচ অনেক বেশি ধরা হয়েছে। আগে যেখানে প্রিমিয়াম প্যাকেজের যাত্রীরা ৬-৭ লাখ টাকায় যেতেন, এবার সেখানে সাধারণ প্যাকেজেই খরচ পড়বে ৭ লাখ টাকা। বিশেষ করে বিমানভাড়া অত্যধিক বেশি ধরা হয়েছে। এজন্য হজযাত্রীরা অনেকেই মত পরিবর্তন করেছেন। তারা হজে যেতে পারবেন না বুঝতে পেরে এখন ওমরায় যাচ্ছেন। এ জন্য ওমরাহ যাত্রী এখন অনেক বেড়ে গেছে। হজে বিমানভাড়া সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা হতে পারত। কিন্তু প্রায় ৩৮ হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। হজে খরচ এত বেশি ধরায় এবার ৩০ হাজারের বেশি হজযাত্রী পাওয়া যাবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গণমাধ্যমকে বলেছেন, করোনার আগে যারা হজে যাওয়ার আশায় প্রাক-নিবন্ধন করেছিলেন তাদের বাজেটে টান পড়েছে। তারা যে বাজেটে হজে যাওয়ার টার্গেট করে রেখেছিলেন তার প্রায় দ্বিগুণ হয়েছে এবারের হজ প্যাকেজ ও বিমানভাড়া। ২০১৯ সালের তুলনায় এই ২০২৩ সালে হজের মাথাপিছু ব্যয় বেড়েছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। সৌদি আরব হজের খরচ না বাড়ালেও টাকার সঙ্গে ডলার ও রিয়ালের বিনিময় হার বেড়েছে। এর চাপ এসে পড়েছে প্যাকেজে। তবে প্রধানমন্ত্রী যদি বিমানভাড়া কমানোর ব্যবস্থা নেন, তাহলে সংগতি হীন হজযাত্রীদের জন্য হজ করার পথ সুগম হতে পারে। হজযাত্রীরা অনেক উপকৃত হবেন এবং তার জন্য দোয়া করবেন।

The post বাংলাদেশি হাজিদের বিমানভাড়া এত বেশি কেন? appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ad/

Friday, February 24, 2023

বাংলাদেশকে ধন্যবাদ জানাল রাশিয়া

ফাতেহ ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত রেজুলেশনের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস হয়। ইউক্রেনের উপর মস্কোর আগ্রাসনের বর্ষপূর্তিতে রাশিয়াকে হামলা বন্ধ করতে এবং তার প্রতিবেশী দেশ থেকে সেনা প্রত্যাহার করার জন্য প্রস্তাবটি উত্থাপন করা হয়।

কিন্তু জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশান’তথা ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
এ কারণে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার রাশিয়া দূতাবাস।

১৯৩ সদস্য দেশের মধ্যে জাতিসংঘের ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ সদস্য। বিপক্ষে ভোট দেয় ৭ দেশ। বিপক্ষে অবস্থান নেওয়া দেশগুলো হল- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।

তবে ভারত-চীন-বাংলাদেশসহ ৩২টি সদস্য এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। ভোটদানে বিরত থাকা দেশগুলো হল-আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আরমেনিয়া, বাংলাদেশ, বলিভিয়া, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, চীন, কঙ্গো, কিউবা, এল সালভাদর, ইথিউপিয়া, গ্যাবন, গিনি বিসাউ, ভারত, ইরান, কাজাখাস্তান, কিরগিজিস্তান, লাওস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, টোগো, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

উল্লেখ্য, গতকাল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে রুশ আগ্রাসনের এক বছর পূর্ণ হয়েছে।

The post বাংলাদেশকে ধন্যবাদ জানাল রাশিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2/

Thursday, February 23, 2023

বইমেলায় ইসলামি প্রকাশনী: গতবারের তুলনায় দ্বিগুণ বিক্রি

রাকিবুল হাসান নাঈম:

ঢাকার বাতাসে এখন নতুন বইয়ের ঘ্রাণ আর মলাট উলটানোর শব্দ। দেশের সবচেয়ে বড় বইয়ের মেলা এখন বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে। সপ্তাহ খানেক পরই বইমেলার পর্দা উঠবে। এবারের বইমেলায় গত বইমেলার তুলনায় দ্বিগুণ বই বিক্রি হয়েছে ইসলামী প্রকাশনীর স্টলগুলোতে। প্রকাশনা কর্তৃপক্ষ বলছেন, গতবারের তুলনায় এবারের বিক্রিবাট্টা বেশ ভালো। সেটা দ্বিগুণেরও বেশি।

অমর একুশে এ গ্রন্থমেলায় প্রায় ছয়শটি স্টল থাকলেও ইসলামি প্রকাশনীগুলোর মধ্যে স্টল বরাদ্দ পেয়েছে মাত্র আটটি প্রকাশনী। স্টল বরাদ্দ পাওয়া ইসলামি প্রকাশনাগুলো হলো: রাহনুমা প্রকাশনী, সিয়ান পাবলিকেশন, হুদহুদ প্রকাশন, সন্দ্বীপন প্রকাশন, সত্যায়ন প্রকাশন, বইঘর, বিশ্বকল্যান পাবলিকেশন্স এবং বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স।

কথা হয় সন্দ্বীপন প্রকাশনের কর্ণধার রুকনুদ্দিনের সঙ্গে। বইমেলার বেচাবিক্রি সম্পর্কে জানতে চাইলে ফাতেহকে তিনি বলেন, ‘এবার বেশ ভালো বই বিক্রি হচ্ছে।’ ভালো বলতে দ্বিগুণ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দ্বিগুণের চেয়ে বেশি হবে।’

এবারের মেলায় সন্দ্বীপনের নতুন দুটি বই ‘প্রাচ্যবাদের ইতিকথা’ এবং ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বেশ ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও বিক্রি হচ্ছে ‘বিপদ যখন নেয়ামত’ এবং ‘হিজাব আমার পরিচয়’ বই দুটি। মেলার শেষ শুক্রবারে ‘প্রোপাগান্ডা’ এবং ‘মিশন ইসলাম’ নামে আরও দুটি বই প্রকাশ পাবে। তবে সন্দ্বীপনের শিশুতোষ বইগুলো বেশ ভালো যাচ্ছে বলেও জানান তিনি।

গতবারের তুলনায় এবার দ্বিগুণের বেশি বিক্রি হয়েছে সত্যায়নের বইও। এবার প্রকাশনীটি থেকে আরিফ আজাদের ‘কুরআনে থেকে নেওয়া জীবনের পাঠ’ বইটি প্রকাশিত হয়েছে। ফলে তাদের বিক্রিও বেড়েছে আশাতীত। প্রকাশনী সূত্রে জানা গেছে, এবার মেলায় তাদের বিক্রির তালিকায় বেশ ভালো অবস্থানে আছে ‘পরিমিত খাবার গ্রহণ’ ‘থামুন, পথ দেখাবে কুরআন’ এবং ‘ইসলামি জীবন ব্যবস্থার মূলনীতি’ বইটি।

বইমেলায় ইসলামী বই গতবারের তুলনায় দ্বিগুণের বেশি বিক্রির বিষয়টি স্বীকার করেছেন হুদহুদ প্রকাশনের কর্ণধার দিলাওয়ার হোসাইনও। তিনি ফাতেহকে বলেন, ‘এবারের বেচাবিক্রি বেশ ভালো। বলা যায়, দ্বিগুণের চেয়ে বেশি গতবারের তুলনায়।’ কারা বেশি বই কিনছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নিয়মিত পাঠক যারা, তারা অনলাইন কিংবা বাংলাবাজার থেকেই বেশি বই কেনেন। বইমেলায় যারা বই কিনছেন, তাদের অধিকাংশই সাধারণ মানুষ। মাদরাসা পড়ুয়া না। তারা সোৎসাহে বই কিনছেন। এতে আমাদের পাঠকমহল বড় হচ্ছে।’ তাদের মোটিভেশনাল বইগুলো সবচে বেশি বিক্রি হয় বলে জানান তিনি।

রাহনুমা কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় তাদের বইও বেশ ভালো যাচ্ছে। মেলার শেষ শুক্রবার রাহনুমা থেকে প্রকাশিত হবে ‘ভিন্ন চোখে’ এবং ‘নারী নাস্তিক মিডিয়াও সংস্কৃতি’ নামে কবি মুহিব খানের দুটি বই। এছাড়াও প্রকাশিত হবে ৮ খণ্ডে রচিত ইয়াহইয়া ইউসুফ নদভীর বই ‘আশারায়ে মুবাশশারা’, সাবের চৌধুরীর অনূদিত বই ‘অটুট পাথর’। আনাস চৌধুরীর অনূদিত বই ‘কুরআন অনুধাবন’।

কয়েকটি ইসলামি প্রকাশনীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মেলায় স্টল বরাদ্দ না পেলেও বিভিন্ন স্টলকে পরিবেশক রেখে বই বিক্রি করছে। তাদের বইও কন্টেন্ট ভেদে ভালো বিক্রি হচ্ছে।

এবারের মেলায় বই দ্বিগুণ কেন বিক্রি হলো, জানতে চাইলে সন্দ্বীপন প্রকাশনের কর্ণধার বলেন, ‘আমি মনে করি, এটা কন্টেন্টের জোর। আমাদের ইসলামি লেখকরা দারুণ দারুণ সব কন্টেন্ট লিখছেন। যেগুলো মানুষকে খোরাক দিচ্ছে। যেগুলো মানুষকে কিছু শেখাচ্ছে, কিছু ভাবাচ্ছে। ফলে মানুষ এসব বই কিনে মনে করে নিজের উপকার হচ্ছে। ফলে স্বাভাবিক নিয়মেই বইয়ের বিক্রি বেড়ে যাচ্ছে। মানুষকে যদি আমরা তেমন ভালো কন্টেন্ট দিতে না পারতাম, তাহলে বই এত বিক্রি হতো না।’

The post বইমেলায় ইসলামি প্রকাশনী: গতবারের তুলনায় দ্বিগুণ বিক্রি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%80/

Wednesday, February 22, 2023

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৫টা ৩৭ মিনিটে দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হনে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তাজিকিস্তানে ভূমিকম্পের এই তথ্য সামনে এনেছে।

চীনা এই রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাজিকিস্তানে সকাল ৫টা ৩৭ মিনিটে প্রায় ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

সিসিটিভি আরও জানিয়েছে, ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

এর পর গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪ ছিল বলে সেসময় জানায় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেন্টার। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৮ জনে।

The post এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87/