Wednesday, March 23, 2022

ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের

ফাতেহ ডেস্ক:

ডায়াবেটিস হওয়ার অনেক কারণ আছে। তবে এবার নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আজ বুধবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

মূল গবেষক মধু এস মালো সাংবাদিকদের বলেন, গত ৫ বছরে ৩০ থেকে ৬০ বছর বয়সী ৫৭৪ জন মানুষের ওপর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন কারণ সম্পর্কে জানা গেছে। গবেষণার ফলাফল ইতিমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে ছাপা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. এ কে আজাদ খান বলেন, যাঁদের আইএপি কমে যায়, তাঁদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কার থেকে বোঝা যায়, বাংলাদেশের বিজ্ঞানীরাও বড় কাজ করতে সক্ষম।

গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক।

The post ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ac/

Tuesday, March 22, 2022

বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে বক্তব্য দেবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে আগামিকাল বৃহস্পতিবার যোগ দেবেন বিশ্বনেতারা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।

ন্যাটো কর্মকর্তার পরিচয় প্রকাশ না করেই এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাটো সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেছেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনীয়রা কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কির মুখ থেকে সরাসরি সে ব্যাপারে শোনার সুযোগ পাবেন আমাদের মিত্র নেতারা।

ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র ইন্টারফ্যাক্স ইউক্রেনকে বলেছেন, ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো এক সময় ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: বিবিসি।

The post বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে বক্তব্য দেবেন জেলেনস্কি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87/

`টুইন টাওয়ারে হামলার পর ইসলামোফোবিয়া বেড়েছে’

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, টুইন টাওয়ারে হামলার পর থেকে বিশ্বে ইসলামোফোবিয়া বেড়েছে। আফসোস, মুসলিম দেশগুলো পরিস্থিতি উন্নতির কোনো চেষ্টা করেনি। সারা বিশ্বের সামনে মুসলমানদের একটি ভুল ভাবমূর্তি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্ষোভ প্রকাশ করে ইমরান খান বলেন, আমি একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে সারা বিশ্ব দেখেছি। আমি বুঝতে পারছি ৯/১১ ঘটনার পর মানুষের মধ্যে ইসলামফোবিয়া বেড়েছে।

তিনি বলেন, এ কথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমরা মুসলিম দেশগুলো তা দূর করার কোনো অর্থবহ প্রচেষ্টা করিনি। কীভাবে একটি ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করা যায়? কীভাবে এই পৃথিবীতে দুই ধরনের মুসলমান থাকতে পারে? কীভাবে? একজন উদারপন্থী মুসলমান এবং একজন কট্টর মুসলমানকে কিভাবে আলাদা করা হচ্ছে?

২০১৯ সালে নিউজিল্যান্ডের ঘটনা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, একজন ব্যক্তি মসজিদে এসে সবাইকে গুলি করল। এটা খুবই দুর্ভাগ্যজনক, আমাদের সকল মুসলিম জাতিকে এ বিষয়ে ভাবতে হবে। এই বিষয়ে আমাদের কাজ করতে হবে।

ইমরান খান এমন এক সময়ে এইসব বক্তব্য দিলেন যখন তাকে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানের আমলে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে ৪৮তম অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন সম্মেলন শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ঐক্য, ন্যায় ও উন্নয়নের জন্য অংশীদারিত্ব। পাকিস্তানের গণমাধ্যমের মতে, এবার ১০০টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এটা দুই দিনের কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে কাশ্মির ও আফগানিস্তানের ইস্যুও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

The post `টুইন টাওয়ারে হামলার পর ইসলামোফোবিয়া বেড়েছে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b8/

রমজান উপলক্ষে ৮০০ নিত্যপণ্যের দাম কমালো কাতার

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র রমজান মাস উপলক্ষে ৮০০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। মঙ্গলবার কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

আজ বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এই কার্যক্রম। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।

সূত্র: দ্য পেনিনসুলা

The post রমজান উপলক্ষে ৮০০ নিত্যপণ্যের দাম কমালো কাতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa/

২০২১ সালে বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ছিল বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ু ছিল বাংলাদেশের। আর বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

গত বছর ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে। সেসময় সংস্থাটি জানায়, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এর চেয়ে কম ঘনত্বও উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ।

আইকিউএয়ারের সমীক্ষায় উঠে এসেছে, জরিপ করা শহরগুলোর মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহর ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। তবে ৯৩টি শহরে পিএম২.৫ এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি।

বাংলাদেশ আগের বছরের মতো ২০২১ সালেও সবচেয়ে দূষিত বায়ুর দেশের স্বীকৃতি পেয়েছে। সমীক্ষায় প্রথমবারের মতো আফ্রিকার দেশগুলোর তথ্য নেওয়ায় চাদ দ্বিতীয় স্থানে রয়েছে।

The post ২০২১ সালে বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ছিল বাংলাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%81%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b7/

তেল উৎপাদনে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে। এ জন্য সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নিজের সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। সেখানে তেল বীজ উৎপাদন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সয়াবিন, সরিষা, তিল এবং চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারাদেশে ছড়িয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

The post তেল উৎপাদনে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/

সড়ক দুর্ঘটনায় নিহত সমাধান শিল্পীগোষ্ঠীর দুই নাশিদ শিল্পী

ফাতেহ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন সমাধান শিল্পীগোষ্ঠীর ফরিদপুর শাখার পরিচালক নাশিদ শিল্পী মাহমুদুল হাসান কুদরত ও তার খালাতো ভাই নাশিদ শিল্পী মুহাম্মদ ওমর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সমাধান শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ শফিউল্লাহ বেলালী গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে মাহমুদুল হাসান কুদরত বাইক চালাচ্ছিলেন। তার পেছনে আরোহী ছিলেন তার আপন খালাতো ভাই ওমর। ফরিদপুরের মধুখালী মহাসড়কে একটি লড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

মুহাম্মাদ শফিউল্লাহ বেলালী আরো জানান, আজ মঙ্গলবার সকাল এগারোটায় জানাযা শেষে মাহমুদুল হাসান কুদরতকে তার নানুবাড়ি মাগুড়ার শিমুলিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হয়।

The post সড়ক দুর্ঘটনায় নিহত সমাধান শিল্পীগোষ্ঠীর দুই নাশিদ শিল্পী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/