Tuesday, August 4, 2020

করোনায় বিপর্যয়ের মুখোমুখি একটি প্রজন্ম

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির কারণে বিশ্বের একটি প্রজন্ম বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। করোনায় স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এ সংকট তৈরি হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় গুতেরেস বলেন, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১৬০ দেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১শ কোটি শিক্ষার্থী। এছাড়াও প্রি-স্কুলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে প্রায় ৪ কোটি শিশু।

এ সংকট নিরসনে শিক্ষার্থীদের দ্রুত এবং নিরাপদে শ্রেণীকক্ষে ফেরানোর বিকল্প নেই বলেও জানান গুতেরেস।

The post করোনায় বিপর্যয়ের মুখোমুখি একটি প্রজন্ম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/

চীনা ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে পরীক্ষা বাংলাদেশেই হতে পারে

ফাতেহ ডেস্ক:

যাচাই-বাছাই শেষে সন্তোষজনক ফল পেলে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা বাংলাদেশেই হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। ভ্যাকসিন পরীক্ষার অনুমোদনের জন্য মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসে গবেষণা সংস্থা আইসিডিডিআরবি। প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য সচিব এ কথা জানান। তিনি বলেন, শুধু চীন নয়, অন্য যারা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে তাদের সঙ্গেও যোগাযোগ করছে ঢাকা।

করোনা ভ্যাকসিন আবিস্কারের দৌঁড়ে এগিয়ে থাকা চীনের সিনোভেক বায়োটেক কোম্পানি বাংলাদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালানোর আগ্রহের কথা জানায়। এরই প্রেক্ষাপটে ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি এ বিষয়ে প্রস্তুতিও নেয়। এরই অংশ হিসেবে বাংলাদেশের মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসির কাছ থেকে অনুমতিও নেয় তারা। কিন্তু পরে এ ধরনের সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তৈরি হয় অনিশ্চয়তা। এ মাসেই দেশের বিভিন্ন কভিড হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ওপর পরীক্ষার স্বার্থে এ ভ্যাকসিন প্রয়োগের আলোচনা চলে।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রস্তাব আসেনি মন্ত্রণালয়ে। অতপর মঙ্গলবার চীনা কোম্পানির করা আবেদন নিয়ে মন্ত্রণালয়ে আসে আইসিডিডিআরবির প্রতিনিধি দল। বৈঠক করেন স্বাস্থ্য সচিবসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে। ঘন্টাব্যাপী আলোচনা শেষে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন প্রসঙ্গে নতুন অবস্থানের কথা তুলে ধরেন স্বাস্থ্য সচিব।

এদিকে এরই মধ্যে ব্রাজিলে চলছে চীনের সিনোভেক ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা। এর আগের দুই ধাপের পরীক্ষা চীনে হয়েছে বলেও জানান স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।

ব্রিফিং এ সচিব আরো জানান, ভ্যাকসিনের বিষয়ে শুধু চীনের দিকেই তাকিয়ে নেই বাংলাদেশ। বিশ্বের যেখানেই ভ্যাকসিন আসুক না কেন, সেই ভ্যাকসিন যেন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পায় সে বিষয়ে তৎপর রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে জুনে করোনা মোকাবিলায় সহায়তায় আসা চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় এসে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। ওই সময়ই চীনা প্রতিনিধিদল জানিয়েছিল ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে।

The post চীনা ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে পরীক্ষা বাংলাদেশেই হতে পারে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b/

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান আর নেই

ফাতেহ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আবদুল মান্নান আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মঙ্গলবার সকাল থেকেই আবদুল মান্নানের শারীরিক অবস্থা খুবই অবনতি হয়। ‌পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। রাত সাড়ে নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন। মরহুমের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আবদুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

The post বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান আর নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/

লেবাননের বৈরুতে বিস্ফোরণ: নিহত ৫০ আহত ৪ হাজার

ফাতেহ ডেস্ক:

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি। স্থানীয় সময় মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে সমুদ্র বন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান।

বিস্ফোরণের জন্য দায়ীদের চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। বিপর্যয় কাটাতে বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতা চেয়েছে লেবানন সরকার। এদিকে, ইসরাইল সাফ জানিয়ে দিয়েছে, বিস্ফোরণের সঙ্গে তাদের কোন যোগসূত্র নেই।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে লেবাননের রাজধানী বৈরুত। মুহূর্তেই আগুন ধরে যায়। আশপাশের বাড়িঘর উড়ে যায়। ধ্বংসস্তুপে পরিণত হয় বেশ কয়েকটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই ছোটাছুটি শুরু করেন আতঙ্কিত মানুষ।

বিস্ফোরণের পরপরই ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায় বৈরুতের আকাশে। অন্তত দেড়শো মাইল দূর থেকে শোনা যায় শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণের জন্য তাদের কান বন্ধ হয়ে যায়। এরপরই গাড়ির কাঁচ, বাড়িঘরের জানালা খসে পড়ে। ভেঙে পড়ে বারান্দা । ক্ষতিগ্রস্ত ভবনে অনেকেই আটকা পড়ে।

এর আগে এমন বিস্ফোরণ কেউ দেখেনি বলে জানিয়েছেন বাসিন্দারা। এবার পুরো বৈরুত এমনকি বৈরুতের বাইরেও ক্ষতি হয়েছে।

লেবানিজ নিরাপত্তা বাহিনীর প্রধান জানিয়েছেন, সমুদ্র বন্দরের কাছে একটি রাসায়নিক গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। কয়েকটন নাইট্রেট বিস্ফোরিত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, বিস্ফোরণের পরপরই ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বৈরুত হাসপাতালের করিডোরও ভরে গেছে আহত ও রক্তাক্ত মানুষে।

ইসরাইলের সঙ্গে লেবাননের সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে। ঘটনার পরপরই ইসরাইলী পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে তাদের কোন যোগসূত্র নেই।

এমন এক স্পর্শকাতর সময়ে লেবাননে বিস্ফোরণ হলো যখন দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের তিনদিন আগে সংঘটিত এই বিস্ফোরণের কারণ পুরোপুরি স্পষ্ট নয়।

এদিকে, বিস্ফোরণের জন্য দায়ীদের চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। বিপর্যয় কাটাতে বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতা চেয়েছে লেবানন সরকার। বৈরুতের আবাসিক এলাকায় এই রাসায়নিকের গুদামটি ২০১৪ সালে স্থাপিত হয়।

The post লেবাননের বৈরুতে বিস্ফোরণ: নিহত ৫০ আহত ৪ হাজার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3/

Friday, July 31, 2020

আয়া সোফিয়া

মানযূর আহসান

কতদিন বসফরাসের উপর দিয়ে

কাকের মত উড়ে যেতে যেতে

আমার হৃদয় তোমাকে চেয়ে চেয়ে

দেখেছে হে আয়া সোফিয়া!

 

মুহ্যমান ব্যথিত হৃদয়ের

অগণন হাহাকার গলে গলে

আমার চোখের কত নোনাজল

গড়িয়ে পড়েছে

তোমার পাশ দিয়ে বয়ে চলা

নীল পানির বসফরাসের বুকে…

 

অনন্য এক কাবার মত

কত না সোনালী সকাল,

কাকপোড়া রৌদ্রোজ্জ্বল দুপুর কিংবা

আলো ডুবো ডুবো ক্লান্ত সন্ধ্যায়

দেখেছি খুঁটিয়ে তোমায়

অন্য এক তাওয়াফের মত —

তুমি নাকি মিউজয়ম.. তুমি নাকি জাদুঘর!

 

একটিমাত্র সেজদা দেবার জন্য হে সোফিয়া

তোমার বুকে

হৃদয়ের বিপুল আবেগ, আর

চোখ ভরা অশ্রু সাথে করে

ছুটে ছুটে গিয়েছি বার-বার

তোমার গৌরবের দহলিজে

অথচ প্রতিবারই

এক অদৃশ্য আতাতুর্ক ও তার জীবিত প্রেতাত্মারা

কেমন উল্লাস করে করে বলেছে-

চলে যাও , চলে যাও

এ আর মসজিদ নয়, তোমাদের খোদার ঘর নয়

 

কিন্তু বিশ্বাস করো দীর্ঘ ছিয়াশিটি বছর

একটি মুহূর্তের জন্যেও মনে হয়নি-

তুমি মিউজিয়ম, মসজিদ নও!

তুমি জাদুঘর, আল্লার ঘর নও!

 

The post আয়া সোফিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/

মাহমুদ মুযযাম্মিলের দুটি কবিতা

কুকুর

কুকুরের ঘেউ ঘেউ স্বভাবতই ভয় জাগায় মনে ৷

কুকুরের কামড় বিপজ্জনকও বটে ৷

ভাদ্রমাসে কুত্তাকুত্তির খোলামাঠে বেলেল্লা মিলন

সবাইকে বিব্রত করে বৈকি ৷

শিশুরা মক্তব থেকে ফিরতে পারে না

নেড়িকুত্তার ডরে ৷

পাড়ায় পাড়ায় কতো কুকুর আমরা তাড়িয়ে বেড়াই

মেরেও ফেলি কয়েক ডজন কুকুর

গর্তে চাপা দিই দারুণ উল্লাসে

মনে মনে স্বস্তি নিই—

আপাতত কুকুরীয় উৎপাত থেকে রেহাই মিললো ৷

 

কিন্তু না,

আসল কুকুরগুলো ফুলেফেঁপে উঠছে

মানুষের বসবাস হারাম করে দিতে ৷

 

ওইসব বেজন্মার কোনো বিহিত কেউ করে না ।

 

ক্যান্টিন ও কোয়ারেন্টিন

আমার মা থাকেন গ্রামে ৷

গেরস্ত তদারকির জীবন তার ৷

ন্যূনতম শিক্ষাও যদি পেতেন সেই কালে ৷

আমি শহরের কপিলবর্ণের ফ্ল্যাট ভাড়া করে থাকি

পড়ি ইউনিভার্সিটিতে

খাই-দাই ভার্সিটি লাগোয়া হলুদবর্ণের ক্যান্টিনে ৷

 

একদিন মা জানতে চাইলেন—

কী খাস? কোথায় খাস?

বললাম— ভাত-রুটি, চা বিস্কিট সবই

ক্যান্টিনে যখন যা পাই তাই খেয়ে নিই

আঁৎকে উঠলেন মা

হাউমাউ কান্না জুড়ে দিলেন

তুই ‘কেন্টিনে’ আছত?

করোনা অইছে তর? আমি জানি না!

কবে থেইকারে বাবা?

তর গুলশানের মামারও ত করোনা

এহন ‘কেন্টিনে’ আছে ৷

 

আরে মা!

আমার করোনা হয়নি

আমি ক্যান্টিনেও নই

আমি বাসায় সুস্থ আছি ৷

শোনো,

করোনা-রোগীর জন্য হলো ‘কোয়ারেন্টিন’

আমাদের খাবারের দোকানের নাম ‘ক্যান্টিন’

তুমি ‘কোয়ারেন্টিনকে’ ‘কেন্টিন’ বলো কেনো?

গেরামের সবাই ত কয়

হেরে বাবা!

মুরুক্ষ অইয়া তোগো কত কষ্ট দেই ৷

সাবধানে থাকিস বাবা ৷

করোনা অইলে কিন্তু ‘কেন্টিনে’ যাইতে অইব ৷

 

The post মাহমুদ মুযযাম্মিলের দুটি কবিতা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%af%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf/

হায়াতুননেছা

ইমরান আল হাদী:

সরিষা ক্ষেতময় সারাদিন

মধুভার মৌচাকে ভায়োলিন

কাঠচেরা হাহাময় সারাদিন

করাতের হ্রেসায় সমাসীন

বিষখালী নদী তীর বুধবার

বাকু বাদশাহর মজলিশ

জঙ্গমে কাঁপে কচি বুক তার

আজনবি চোখেতে সে নবিশ

ঠোঁটের উপর ফোটে তাসাহুদ

মুনাজাতে ঝরে মোর সে দাবি

রাত্রির রোনাজারে বুদবুদ

খোয়াবের মশকোতে সে ছবি

নালিশের লঘুভার ফরিয়াদে

হায়াতুননেছা নাম ইয়ায়াদে।

 

গৃহস্থ-ভরা দিন দুধভাত

বলক ফোটা ভাতে স্বাদুবাস

চৈতি দুপুরে ভাতঘুম মৌতাত

বঁধুয়ার গতরে কারুবাস

ছায়ানীল গগনে উড়োচিল

মাতৃ কুক্কুট ডানাতে ঘনঢাল

ফি-বছর ভাঙে যে নদীকূল

কৃষানের ভরসা পয়মাল

তবু সে জোড়ে হাল ব্যথাতুর

গোলাতে সোনা রং বীজধান

দু-চোখে ফসলের নেশাতুর

মাতৃ আচলে শস্য আঘ্রাণ

যেন সে কৃষানের ডুবুচর

হায়াতুননেছা বাধে বালিঘর।

 

ইকারুসের ডানাতে নমরুদ

কুমতি আসমানে ছোড়ে তীর

সমাচার ঠোঁট ছোঁয়া হুদহুদ —-

দূতালি, সুলেমান সে নবীর

নৈর্ঋতে উড়ে আসে আবাবিল

সহস্র মাতঙ্গ ——–ধূলিময়

নখরে ছুড়ে যায় কালোতিল

আবরাহা মরুভুমে লয় হয়

মহিষের শিং নাচে দামোদর

ঘনঘোর রাতভর কি বাদল

নদী চিরে পার হয় যে সাগর

সে নাম মনে রাখে মহাকাল

ইতিহাস মেনে এ অবরোধ

হায়াতুননেছাতে নেশাবুদ।

 

বাতাসে আজো ভাসে ইভ-নাম

বায়ুতে আদমের ——সে স্বর

কোন প্রেম খেয়েছিল যে আদম

হাওয়াতে বিস্মৃত তমোহর

ঘাতকের ইস্পাতে লহু-লাল

বেলালের ধ্বনিতে সরগম

ঘুরেঘুরে ফিরে সে মহাকাল

কে ডাকে দয়াময়  হরদম

কাবিলে সঁপে দেই দেহধর

পথে নামে ক্ষিণায়ু শেষ রোদ

সন্তাপ জুড়ে নামে কালাজ্বর

খুলেখুলে যায় শেষ ঘনরাত

তুমি মোর পবিত্রা রাহবার

হায়াতুননেছা তে অধিকার।

The post হায়াতুননেছা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be/