ফাতেহ ডেস্ক
দিল্লিতে সহিংসতার ঘটনায় আরো চার জনের মরদেহ উদ্ধার হয়েছে। উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীর দু’টি নালা থেকে তিনটি দেহ ও শিব বিহারের এক নালা থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬।
তবে নতুন করে সহিংসতা না হওয়ায়, দিল্লি স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি সরকারের। গুজব না ছড়ানোর আহ্বানও জানিয়েছে দিল্লি পুলিশ। অবশ্য, এসব অভয়বাণীতে আস্থা রাখতে পারছেন না ক্ষতিগ্রস্তরা।
যেখানে-সেখানে পড়ে আছে আগুনে পোড়া যানবাহন, জনশুন্য সড়কের দু-পাশে দগ্ধ বাড়িঘর-দোকান। দিল্লির উত্তর-পূর্ব এলাকার শিব বিহার এখন ভুতুড়ে এলাকা। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছে পালিয়েছে। আশ্রয় নিয়েছে অন্য এলাকায়। কিন্তু এখনও সেই ভয়াবহতার কথা ভুলতে পারছেন না তারা।
সহিংসতার বর্ণনা দিতে গিয়ে পালিয়ে আসা আরেকজন বলেন, ‘রড, তলোয়ার, লাঠিসোটা নিয়ে হামলা করেছে ওরা। আগুন থেকে কোনমতে বেঁচে গিয়েছিল আমার ভাই। তবে পরে ধরা পড়ে যায়। তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে।’
চার দিন ধরে চলা এই সংঘাতে দিল্লি পুলিশের কাছে সাহায্য চেয়ে ফোন আসে ১৩ হাজার ২০০টি। আসছিল কোথাও গুলি, কোথাও গাড়ি পুড়িয়ে দেওয়ার খবর। তারপরও ব্যবস্থা নেয়নি পুলিশ।
সহিংসতা বন্ধ হলেও প্রশাসনের কর্তাব্যক্তি ও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় আস্থা রাখতে পারছে না দিল্লিবাসী। নতুন ভয় জেঁকে বসেছে তাদের মনে। চারিদিকে গুজব ভাসছে। সবার মধ্যে এখনও ভীতি কাজ করছে। ভয়ের পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে চরম ক্ষোভ। ৩৬ ঘণ্টা ধরে সহিংসতা চলতে দেয়ার তাদের এই ক্ষোভ। এসবের পরও, পরিস্থিতি স্বাভাবিক দাবি করে ক্ষতিগ্রস্তদের বাড়ি ফেরার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে, রবিবার সন্ধ্যায় সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পশ্চিম দিল্লি ও দক্ষিণ-পূর্ব দিল্লিতে। দিল্লি পুলিশ নিশ্চিত করেছে, এর পুরোটাই গুজব। কোথাও কোনো সংঘর্ষ হয়নি।
গুজব ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম দিল্লির তিলকনগর ও রাজৌরি গার্ডেনে তিলকনগর মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়। তার পরে পশ্চিম উত্তমনগর, তুঘলকাবাদ, বদরপুর, সুরজমল স্টেডিয়াম, নাঙ্গলোই মেট্রো স্টেশনে ঢোকা-বেরোনোর পথও বন্ধ হয়ে যায়। দোকানে, শপিং মলে ঝাঁপ বন্ধ হতে থাকে। হুড়োহুড়ি করে বাড়ি ফিরতে থাকেন সাধারণ মানুষ।
ঘণ্টাখানেক পরে ফের মেট্রো স্টেশন খোলা হয়। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (পশ্চিম রেঞ্জ) শালিনী সিংহ রাস্তায় নেমে পড়েন। জনতাকে গুজবে কান না-দিতে অনুরোধ করে পুলিশ। বিভিন্ন সম্প্রদায় মিলে তৈরি ‘আমন কমিটি’র নেতাদেরও সক্রিয় হতে বলা হয়। সংঘর্ষের খবর উড়িয়ে দেন আপ নেতারাও। রাতে বিভিন্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অনেক পাড়াতেই রাত-পাহারায় নামেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রের খবর, খায়ালা-য়সাট্টা কারবারিদের বিরুদ্ধে অভিযানের সময়ে গুলি চলা নিয়েই গুজব ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় কারা গুজব ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
-এ
The post দিল্লিতে আরো ৪ জনের মরদেহ উদ্ধার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%aa-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9/
No comments:
Post a Comment