Friday, January 22, 2021

বাড়ি পেলেন ৭০ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবার

ফাতেহ ডেস্ক:

দেশের প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন মাথাগোঁজার নিজস্ব ঠাঁই, একটি করে বাড়ি। হতদরিদ্র এসব মানুষ এখন আত্মমর্যাদায় তৃপ্ত। নতুন আবাস সাজানোর পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন তারা। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- সরকারের এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আজ ২৩শে জানুয়ারি প্রথম পর্যায়ে সারাদেশে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে বাড়ি দিয়েছে সরকার। এছাড়া ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট বাড়ি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা মুজিববর্ষের উপহার। ২১টি জেলার ৩৬টি উপজেলায় আরো ৩ হাজার ৭১৫টি পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হবে। আর আগামী ১ মাসের মধ্যে আরও ১ লাখ ঘর নির্মাণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক দুর্যোগ কিংবা দারিদ্র্যের মতো কারণগুলোর জন্য দেশে অনেকেরই ন্যুনতম মৌলিক চাহিদা পূরণ হয় না। তাদের অনেকেরই নেই মাথা গোঁজার ঠাঁই। ভূমিহীন-গৃহহীন এসব মানুষের কাছে নিজের একটি ঘর, স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু সেই স্বপ্নকেই বাস্তব রূপ দিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আশ্রয়ণ প্রকল্প।

প্রতিটি বাড়ি দুই কক্ষ বিশিষ্ট। এতে দুটি রুম ছাড়াও সামনে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর এবং সামনে খোলা জায়গা রয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণের জন্য খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা এবং মালামাল পরিবহনের জন্য ৪ হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রতি পরিবারকে।

নতুন আবাসনে এসব ভূমিহীন ও গৃহহীন মানুষের সাংস্কৃতিক স্বকীয়তা, নিজস্ব আচার যেন টিকে থাকে, সেদিকেও নজর রেখেছেন কর্তৃপক্ষ। সীমান্ত এলাকার সাবেক ছিটমহলের বাসিন্দারাও পেয়েছেন এই উপহার।

যেসব বাড়ি তারা পেয়েছেন, তার জন্য চেষ্টা তদবির করতে হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় এসব ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষ সরকারের আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন বলে জানান।

প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এসব বাড়ি নির্মাণে ছিলো বাড়তি নজরদারি, বজায় রাখা হয়েছে গুণগত মান। সব মিলিয়ে স্বপ্নের ঠিকানায় পৌঁছার আনন্দে ভাসছেন আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা।

ঘরও নাই, জমিও নাই- দেশে এমন পরিবারের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১। ভিটেমাটি আছে, ঘর জরাজীর্ণ কিংবা ঘর নাই এমন পরিবারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ২৬১। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে যে তালিকা করা হয়েছে সব মিলিয়ে সেই তালিকায় ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবার রয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য হলো- ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণপ্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

The post বাড়ি পেলেন ৭০ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%ad%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b9/

No comments:

Post a Comment