রাকিবুল হাসান:
অতি দ্রুততম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ও পরামর্শ করে তার মতামতের ভিত্তিতে দেশের কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই দেশের সব কওমি মাদরাসা বিশেষ করে কওমি মাদরাসার কিতাব বিভাগের কার্যক্রম চালুর বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ মন্ত্রিপরিষদ বিভাগে তাদের কর্মপরিকল্পনার কথা জানাতে এসেছিলেন। সরকারের পক্ষে আমি তাদের আশ্বস্ত করে বলেছি, অতি অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মিটিংয়ের পর এ বিষয়ে ফাতেহ টুয়েন্টি ফোরের সঙ্গে কথা হয় জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহসভাপতি ড. মাওলানা মুশতাক আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘দীর্ঘ দু ঘণ্টা আমরা সচিবালয়ে মিটিং করেছি। কিভাবে কওমি মাদরাসা খোলা যায় একটি রোডম্যাপ তাদেরকে দিয়েছি। সচিব আমাদের পরিকল্পনা পছন্দ করেছেন এবং সমর্থন দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি আজকালের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। প্রধানমন্ত্রীকে বিষয়টি বুঝানোর পর তিনি অনুমতি দিলেই খুলবে মাদরাসাগুলো।’
সরকারের কাছে পেশ করা রোডম্যাপে কী ছিল—এমন প্রশ্নের জবাবে ড. মুশতাক আহমেদ বলেন, ‘আমরা তাদের বুঝানোর চেষ্টা করেছি—কওমি মাদরাসা খুলে দিলে এখন কোনো সমস্যা নেই। হেফজখানা চলছে, এখন পর্যন্ত কোনো বেড রেকর্ড শোনা যায়নি। কারণ কওমি মাদরাসাগুলো আবাসিক। অনাবাসিক হলে সংক্রমণের আশঙ্কা থাকে। কিন্তু আবাসিক হলে সেই আশঙ্কা থাকে না। একটি ছেলে পরিবারে যে নিরাপত্তায় থাকে, এখানেও তেমনই নিরাপদ থাকবে। তারা বিষয়টি বুঝেছেন। কিন্তু সচিব বলেছেন, আমরা তো খোলার অনুমতি দিতে পারি না। কেবল আপনাদের কথা শুনতে পারি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতে পারি। অনুমতি দিবেন তিনিই। হেফজখানার ব্যাপারটা তাকে বুঝিয়েছিলাম। এক মিনিটেই তিনি অনুমতি দিয়ে দিয়েছেন।’
এদিকে মিটিংয়ে অংশ নেয়া জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে কওমি মাদরাসা বিশেষ করে কওমি মাদরাসার কিতাব বিভাগের কার্যক্রম চালু করার অনুমতি চেয়ে অনুরোধ বার্তা দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাবেন।’
প্রসঙ্গত, ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দিয়েছে সরকার। এরও আগে ১ জুন দেশের কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দিয়েছিল। এবার অপেক্ষা কিতাব বিভাগের কার্যক্রম চালু করার অনুমতির। অনুমতি আসতে পারে আজকালের মধ্যেই।
The post শিগগিরই খুলছে কওমি মাদরাসা: আজকালের মধ্যেই সিদ্ধান্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%97%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be/
No comments:
Post a Comment