Tuesday, August 11, 2020

বৈরুত বন্দরে এখনো বিপজ্জনক রাসায়নিক রয়ে গেছে: বিশেষজ্ঞ

ফাতেহ ডেস্ক:

লেবাননে গত সপ্তাহে ভয়ংকর বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া বৈরুত বন্দরে এখনো কমপক্ষে ২০ ধরনের সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিকের কনটেইনার আছে বলে ফ্রান্সের দমকলকর্মী দলের এক সদস্য জানিয়েছেন।

রাসায়নিক বিশেষজ্ঞ ও দমকলকর্মীরা এগুলো সুরক্ষিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। বন্দরটিতে কাজ করা ফ্রান্সের রাসায়নিক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট অ্যান্থনি বলেন, গত সপ্তাহের বিস্ফোরণে কয়েকটি কনটেইনার ফুটো হয়ে গেছে।

তিনি বলেন, বন্দরে কর্মরত ফ্রান্স ও ইতালিয়ান রাসায়নিক বিশেষজ্ঞরা এ পর্যন্ত বিপজ্জনক রাসায়নিক আছে এমন ২০টিরও বেশি কনটেইনার শনাক্ত করেছেন।

সংবাদ সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বিপজ্জনক রাসায়নিকের প্রতীকসহ কনটেইনারগুলো এখানে শনাক্ত করছি। এগুলোর মধ্যে কয়েকটি কনটেইনার ফুটো হয়ে গেছে।’

বিশেষজ্ঞরা লেবাননের দমকলকর্মীদের সঙ্গে মিলে সব কনটেইনারের নিরাপত্তা এবং সেগুলোতে থাকা উপাদান বিশ্লেষণ করছেন। সেখানকার সবকিছুই পরিষ্কার এবং সুরক্ষিত রাখা দরকার।

তবে এগুলোতে কোনো ধরনের রাসায়নিক রয়েছে বা এর ঝুঁকির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি লেবাননের বন্দরে থাকা কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ এক বিস্ফোরণে দুই শতাধিক নিহত ও ছয় হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

The post বৈরুত বন্দরে এখনো বিপজ্জনক রাসায়নিক রয়ে গেছে: বিশেষজ্ঞ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c/

No comments:

Post a Comment