Wednesday, August 5, 2020

‘সিনহার মৃত্যুর ঘটনায় দুই বাহিনীর সম্পর্কে ক্ষতি হবে না’

ফাতেহ ডেস্ক:

সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের মধ্যকার সর্ম্পকে কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বাহিনী দুটির প্রধান। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, সিনহার মৃত্যুর দায় ব্যক্তির, বাহিনীর নয়।

টেকনাফে সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায়, কক্সবাজারে সেনাবাহিনীর রেস্ট হাউস জলতরঙ্গে দুই বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনা ও পুলিশ প্রধান।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি বেনজীর আহমেদ।

এসময় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী ও পুলিশের মধ্যে কোনো দূরত্ব নেই। দুই বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যে ঘটনা ঘটেছে, অবশ্যই সেনাবাহিনী ও পুলিশ বাহিনী মর্মাহত।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে একটি যৌথ তদন্ত দল গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। তাঁর কথার ওপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর আস্থা আছে। যে যৌথ তদন্ত দল গঠিত রয়েছে, তার ওপরও দুটি বাহিনীই আস্থাশীল।

আইজিপি বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ আধুনিক গণতান্ত্রিক দেশ। এখানে আইনের শাসন আছে। সংবাদমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বিচার বিভাগ মুক্ত। এ ঘটনা নিয়ে অনেকে উসকানিমূলক কথা বলার চেষ্টা করছেন। যারা উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহত হন। এ ঘটনার পর ২ আগস্ট বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীসহ ১৬ সদস্যকে প্রত্যাহার করা হয়। পরে ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে সরকার।

The post ‘সিনহার মৃত্যুর ঘটনায় দুই বাহিনীর সম্পর্কে ক্ষতি হবে না’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87/

No comments:

Post a Comment