রাকিবুল হাসান:
কওমি মাদরাসা খোলার মৌখিক অনুমতি দিয়েছে সরকার। অনুমতি পাবার পরপরই পরীক্ষা নেয়ার প্রস্তুতি করেছে হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। ফাতেহ টুয়েন্টি ফোরের সঙ্গে এমনই জানিয়েছেন সংশ্লিষ্টগণ।
ফাতেহ টুয়েন্টি ফোরের পক্ষ থেকে কথা বলা হয় বেফাকের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরীর সঙ্গে। পরীক্ষা প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি গ্রহণের মৌখিক সিদ্ধান্ত পেয়েছি। লিখিতভাবে পাইনি। লিখিতভাবে এলে আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করবো। তবে আগামী রোববার, ২৩ আগস্ট, পরীক্ষা বিষয়ে আলোচনা করতে মিটিং ডেকেছে বেফাক।’
এদিকে আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর পরীক্ষা উপকমিটির সভা আহ্বান করা হয়েছে আগামী শনিবার, ২২ আগস্ট ২০২০ এবং স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে আগামী সোমবার, ২৪ আগস্ট ২০২০। পরীক্ষার তারিখ নির্ধারণ এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।
মাদরাসা খোলা এবং পরীক্ষা বিষয়ে কথা হয় হাইয়াতুল উলয়ার উচ্চ কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হকের সঙ্গেও। ফাতেহ টুয়েন্টি ফোরকে তিনি বলেন, ‘ক্যাবিনেট সেক্রেটারি মৌখিকভাবে বলেছেন, কওমি মাদরাসাগুলোকে পরীক্ষার প্রস্তুতি নিতে। কিন্তু এখনো বিস্তারিত কোনো নির্দেশনা সরকার জারি করেননি কাগজপত্রে। দু’একদিনের ভেতরেই জারি করবেন বলে আশা করছি। তখন বলা যাবে—কীভাবে কখন খোলা যাবে মাদরাসা। তবে পরীক্ষা বিষয়ক মিটিং ডেকেছে হাইয়াতুল উলয়া। তাকমিলের পরীক্ষা কার্যক্রম নিয়ে সেখানে আলোচনা হবে।’
উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মাদরাসা খোলার ব্যাপারে বৈঠক করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠক শেষে তিনি বলেছিলেন, অতি অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এরপর মঙ্গলবার, (১৮ আগস্ট) সকালে ক্যাবিনেট সেক্রেটারির একটি কথার ওপর ভিত্তি করে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমেদ ফেসবুক পোস্টে জানান, ’আলহামদুলিল্লাহ। সুখবর। মুহতারাম কওমি উলামা, ছাত্রদের পরীক্ষার আয়োজন গ্রহণ করুন। মাদরাসা খোলার অনুমতি হয়ে গিয়েছে।’
The post কওমি মাদরাসার পরীক্ষা-প্রস্তুতি শুরু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d/
No comments:
Post a Comment