তসবিদানা
সুলাইমান সাদী
হায়াতের মতো লম্বা হাসিতে
একটা সূর্য প্রতিদিন প্রদক্ষিণ করছে—
কাকে?
মানুষও পাহাড় হতে চায়
লুকিয়ে রাখতে চায় আশ্চর্য গুহা
একদিক থেকে উঁকি দিয়ে
আরেকদিকে ডুবে যাবে রোদ
সিঁড়িতে জায়নামাজ বিছাতে বিছাতে
বোরাক হয়ে গেছে কবে
শুধু একটা তসবিদানা বাকি
দীর্ঘতর ঘুমের পর
আজান কানে আসতে
সরে যায় যেমন দুর্দান্ত শীত
কেটে যায় কপালের ওপর থেকে
মেঘ
ঘনছায়া
অন্ধকার অসুখ
তেত্রিশটি বর্ণ জুড়ে
গেঁথেছি যে মালা
বিদায়ের ক্ষণে
পরিয়ে দিও তার সুবাসটুকু
হামাগুড়ি সফর শেষ হলো তবে
সমুখে সমুদ্র, সমুখে পুলসিরাত
রবের সমুখে দাঁড়াবার সময় ঘনায়
আমাকে মুড়িয়ে দিও দোয়ার কাফন বুনে…
তাহাজ্জুদে ছড়ায় যে সুবাস
হাফেজের কণ্ঠে মধুর তেলাওয়াত
অন্ধকার হৃদয় চিড়ে
ঝরায় কোন সে ধারা—
কোন অর্থময়তা
শিশুর মুখে ফোটায়
অজানা শব্দরাশি, বাবা বাবা ডাক!
শহিদ শায়খের হাসিজুড়ে
ফুটে আছে
এক লাখ চব্বিশ হাজার ফুল—
ফুল নয়
যেন জ্বলজ্বল করছে
নবীজির প্রতিটি সাহাবীর
একেকটি মহৎ গুণ
মৃতের হাসিতে এতো স্নিগ্ধতা
কোথাও ধরতে দেখি না
না ঘাসে, না শিশিরে
মেরাজ রজনী
রিদওয়ান হাসান
আমি একবার জিবরাইলের ডানায় চড়ে গিয়েছিলাম
আমার চূড়ান্ত সীমা সিদরাতুল মুনতাহায়—
এর উপরে আমার যাওয়ার অধিকার
তুমি আমাকে দাওনি
যদি একবার তুমি তোমার মনের নবুওয়ত আমাকে দাও
ওষ্ঠের ওপর খুব সন্তর্পণে একেঁ দাও মোহরে নবুওয়ত
আমি তোমার প্রেমের নবী হয়ে পাড়ি দেব সিদরাতুল মুনতাহা
তুমি তোমার দিদার দেবে এক পবিত্র মেরাজ রজনীতে।
ইশ্বরহীন বেঁচে আছি নিরুপায়
শামীম শেখ
আমি কি কখনও পরিতাপের কবি হতে চেয়েছিলাম?
দ্রোহের কবিও আমি হতে চাইনি।
আমি তো ভেবেছিলাম প্রেমের কবি হবো,
নিপুণভাবে তোমায় করবো বয়ান।
তোমার বেরহম চোখ যত্রতত্র ব্যথা দিয়েছে।
নাগরিক নদীর মতো আমি মেনে নিয়েছি সব ।
তোমার বাসনায় কতোবার পাপে দলিত হয়েছে
পুণ্য। ইশ্বরহীন আমি বেঁচে থেকেছি নিরুপায়।
পাজরের গভীরে প্রেমের মাতম, উত্তাল মিছিল;
নূহের নৌকার মতো মহাপ্লাবনের উল্লাস সয়েছে
কতোবার আমার দু’চোখের কিনার। তবু আমি
প্রেমের কবি, নিছক তোমার কবি হতে চেয়েছি।
বিশ্বাস করো দ্রোহের কবি আমি হতে চাইনি।
বিক্ষুব্ধ ছন্দ বেদনার অনুষঙ্গ বিগ্রহের ভাষা
– এ আমার কামনায় ছিলো না কোনো দিন।
হায় রব!
প্রেমের নামে ছত্রভঙ্গ করে দিলো জীবনরথ।
হেমন্ত প্রায় শেষ, এখন আকাশের নীচে প্রবল
শীত নামবে; এই শহরে এই বন্দরে শীত নামবে।
সব আহাজারি সব যাতনা আজই হবে শেষ।
বেদনা সহসা ফুরিয়ে যায় এ জীবনে মৃত্যু এলে।
The post কবিতা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment