আন্তর্জাতিক ডেস্ক:
ভারতজুড়ে কৃষক বিক্ষোভ ক্রমশ জোরদার হচ্ছে। এবার ১৪ই ডিসেম্বর দিল্লির সিঙ্ঘু সীমান্তে বসে অনশন আন্দোলনের ডাক দিয়েছেন কৃষকরা। যতদিন না কেন্দ্র বিতর্কিত কৃষি বিল পরিবর্তন না করছে ততদিন আন্দোলন চলবে বলে জানানো হয়েছে। খবর এনডিটিভি, আনন্দবাজার।
অন্তত ১২ লক্ষ কৃষক টানা ১৭ দিন হলো অবরোধ ও ঘেরাওয়ে সামিল। কৃষক আন্দোলনে অংশ নিতে আরও লক্ষাধিক কৃষক ঘেরাও অভিযানে অংশ নিতে আসছেন বলে আন্দোলনকারীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের দাবি।
সরকার আইন বাতিল না করলে দেশজুড়ে রেল রোকো ও টোল প্লাজা অবরোধ জারি থাকবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের জেরে ইতিমধ্যেই ভারত বনধের প্রভাব সরকারের চিন্তার কারণ।
কৃষক বিক্ষোভের অন্যতম নেতা সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, কোনওভাবেই কৃষি আইন মেনে নেওয়া হবে না। সরকারকে আইন বাতিল করতেই হবে। অন্যান্য কৃষক সংগঠনগুলিরও একই দাবি।
কৃষকদের ভাষ্য, বিজেপি নেতৃত্বাধীন সরকারের হাত ধরে আসা কৃষি সংস্কার আইনগুলো তাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বলছে, মান্ধাতার আমলের বিপণন পদ্ধতি সংস্কারের লক্ষ্যেই নতুন এ আইনগুলো করা হয়েছে। আইন সংস্কারের ফলে কৃষকরা তাদের ফসল বিক্রির ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পাবেন বলে দাবি কর্তৃপক্ষের।
ভারতের ২ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির প্রায় ১৫ শতাংশই কৃষির ওপর নির্ভরশীল। দেশটির প্রায় ১৩০ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট।
কৃষকদের আশঙ্কা, নতুন এ কৃষি সংস্কার আইনগুলো ভারতের নিয়ন্ত্রিত বাজারব্যবস্থাকে ভেঙে দেবে এবং সরকারও ধীরে ধীরে নির্ধারিত মূল্যে গম ও ধান কেনা বন্ধ করে দেবে। এতে তাদের ফসল বেচতে বেসরকারি ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে নামতে হবে। ক্ষতির মুখে পড়বেন বহু কৃষক। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার
The post ১৪ ডিসেম্বর অনশনের ডাক ভারতের কৃষকদের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be/
No comments:
Post a Comment