Wednesday, December 2, 2020

মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

ফাতেহ ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীকে হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ৭ আসামি হলেন- মো. জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন ওরফে টুণ্ডা আমিন, শিহাব আহমেদ শিবু, তাজুল ইসলাম তানু, মো. আসিফ ও গুলজার হোসেন। তাদের মধ্যে কারাগারে থাকা জাহাঙ্গীর ও ইমনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। বাকিরা সবাই পলাতক রয়েছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামির মধ্যে শম্পা আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

আতিক উল্লাহ চৌধুরীর ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন কোন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আতিক উল্লাহ চৌধুরী। নিখোঁজের পর দিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করা হয়।

২০১৫ সালের ২ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

The post মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9/

No comments:

Post a Comment