Tuesday, December 1, 2020

ওয়াজে মাইক ব্যবহার বিষয়ক নির্দেশনা, কী বলছেন সাতক্ষীরার জেলা মেজিস্ট্রেট

রাকিবুল হাসান:

প্রথমেই ফোন দিলাম সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জনাব মো. তানজিল্লুর রহমানের কাছে। তিনি বললেন উপপরিচালকের কাছে ফোন দেন। ওয়াজে মাইক ব্যবহার নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন যে নির্দেশনা দিয়েছে, সে ব্যাপারে তিনিই ভালো বলতে পারবেন। ফোন দিলাম অতিরিক্ত জেলা মেজিস্ট্রেটের সার্বিক ও উপপরিচালক স্থানীয় সরকার মো. বদিউজ্জামানের কাছে। তিনি বললেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। এ ব্যাপারে ভালো বলতে পারবেন তানজিল্লুর রহমান।’

দুজনের কেউ যখন জানেন না বলছেন, এবার সরাসরি ফোন দিলাম সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা মোজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের কাছে। তিনি বললেন, ‘এ ব্যাপারে আমি কোনো বিজ্ঞপ্তি দেইনি। কোথায় মাহফিল হবে, কেমন আওয়াজ হবে, এটা আমার দেখার বিষয় না।’ আমি জানতে চাইলাম, ‘আপনার অফিস থেকে একটা নির্দেশনা প্রচার হয়েছে, দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে লাউডস্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়, তা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।’ তিনি বললেন, ‘উপর থেকে নির্দেশনা এলে আমরা প্রচার করি। এটাও প্রচার করেছি। তাই দেখবেন, এর কোথাও আমার নাম নেই।’ আমি বললাম, ‘মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে?’ জেলা প্রশাসক বললেন, ‘মন্ত্রণালয় থেকে এ বিবৃতি দেয়া হয়নি। আমাদের করেসপন্ডেন্টরা এই উদ্যোগ নিয়েছে। এটা শুধু মাহফিলের ক্ষেত্রে না, যেকোনো শব্দ দূষণের ক্ষেত্রেই প্রযোজ্য।’ আমি জিজ্ঞেস করলাম, ‘স্যার, নির্দেশনায় শুধু ওয়াজ শব্দটা কেন ব্যবহার করা হলো?’ তিনি বললেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।’

উল্লেখ্য, ওয়াজ মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়। গত ২৫শে নভেম্বর এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনারয় সাতক্ষীরার সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহার স্বাক্ষর রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠকের কার্যবিবরণীর ১২ (ঘ) নং সিদ্ধান্ত/সুপারিশ বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে। যা নিম্নরূপ:

১২ (ঘ) নং সিদ্ধান্ত/সুপারিশ: দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় তা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সিদ্ধান্ত/সুপারিশ বাস্তবায়ন নিশ্চত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তবে ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য শওকত হাচানুর রহমান, যিনি ওই ৬ষ্ঠ বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘ওই বৈঠকে এ ধরনের কোন আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।’

তাহলে খোদ নির্দেশনার সূত্র নিয়েই তৈরী হচ্ছে সন্দেহ।

The post ওয়াজে মাইক ব্যবহার বিষয়ক নির্দেশনা, কী বলছেন সাতক্ষীরার জেলা মেজিস্ট্রেট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f/

No comments:

Post a Comment