Friday, February 5, 2021

আল জাজিরার মিথ্যা অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবেন না: ওবায়েদুল কাদের

ফাতেহ ডেস্ক:

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি’র ডাকা মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি নষ্টের অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।’

গতকাল শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এমন কোনও পরিস্থিতি বা ইস্যু তৈরি হয়নি যে বিএনপিকে আন্দোলন করতে হবে। তবে যেকোনও শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানানো হবে। কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে শক্তহাতে তা দমন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি দেশ ও জাতির কল্যাণ ভুলে নানান অপপ্রচার ও ষড়যন্ত্রের পথকেই রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে। তারা একদিকে অপপ্রচারে বিনিয়োগ করেছে, অপরদিকে ধোয়া তুলসি পাতা সেজে ব্যাখ্যা দাবি করছে। এমনকি তারা কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’

এ সময় তিনি বিএনপিকে অপরাজনীতি পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আল জাজিরার মিথ্যা অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবেন না, জনগণ অপপ্রচারের বিপরীতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন। অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের স্পষ্ট ও কঠোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তাদের সহযোগীদের নিয়ে বিদেশের মাটিতে বসে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘এ দেশের রাজনীতিতে গত ৫০ বছরে বঙ্গবন্ধু পরিবারই সততার প্রতীক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেকে কোনও সিন্ডিকেটের কাছে জিম্মি করেননি।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সব শাখা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সমাবেশ, জনসংযোগ কর্মসূচি পালন করবে বলে জানান ওবায়দুল কাদের।

The post আল জাজিরার মিথ্যা অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবেন না: ওবায়েদুল কাদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a/

No comments:

Post a Comment