ফাতেহ ডেস্ক:
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্রের সূচকে ‘হাইব্রিড রেজিম’ বা মিশ্র শাসনের দেশের তালিকায় আবারো জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে গত বছরের তুলনায় বাংলাদেশ এ বছর চার ধাপ এগিয়েছে। খবর বিবিসির।
সাধারণত সেইসব দেশকে হাইব্রিড রেজিম বলে বর্ণনা করা হয় যেসব দেশে গণতান্ত্রিক চর্চা রয়েছে, কিন্তু সেখানে নিয়মিত নির্বাচন হলেও রাজনৈতিক দমন পীড়নও চলে। অর্থাৎ এসব দেশে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা রয়েছে।
ব্রিটেনের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনোমিস্টের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০০৬ সাল থেকে ইআইইউ বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতির পর্যালোচনা করে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রথমবার প্রকাশিত তালিকার পর এ বছরেই বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থান পেয়েছে। যদিও সংস্থাটির বক্তব্য, বিশ্বের দেশগুলোর গণতন্ত্রের গড় স্কোর আগের বছরের তুলনায় কমে গেছে।
সংস্থাটির গত বছরের গণতন্ত্রের তালিকায় ১৬৫ টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ছিল ৮০তম। তবে এ বছরের তালিকায় বাংলাদেশের স্থান চার ধাপ এগিয়ে হয়েছে ৭৬। তাদের বেঞ্চ মার্ক ১০ পয়েন্টের মধ্যে এই বছর বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯।
দক্ষিণ এশিয়ার দেশগুলোয় গণতন্ত্রের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। তালিকায় ভারতের অবস্থান ৫৩তম আর শ্রীলঙ্কার অবস্থান ৬৮তম। ভুটান রয়েছে ৮৪তম অবস্থানে, নেপাল ৯২তম, পাকিস্তান ১০৫তম, মিয়ানমার ১৩৫তম অবস্থানে।
পাঁচটি মানদণ্ডে ১০ পয়েন্ট ধরে বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এগুলো হলো- নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারের সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার।
প্রতিবেদনে দেশগুলোর গণতান্ত্রিক পরিস্থিতিকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। তা হলো- পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র শাসন (হাইব্রিড) ও স্বৈরশাসন।
সূচকে কোন দেশের গড় স্কোর ৮ এর বেশি হলেই পূর্ণ গণতন্ত্র রয়েছে বলে ধরে নেয়া হয়। ৬ থেকে ৮ হলে ক্রুটিপূর্ণ গণতন্ত্র, ৪ থেকে ৬ হলে মিশ্র শাসন আর ৪ এর নিচে হলে স্বৈরশাসন বলে ধরে নেয়া হয়। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ইআইইউ তৃতীয় শ্রেণির অর্থাৎ মিশ্র শাসনের অন্তর্ভুক্ত করেছে।
The post গণতন্ত্রের সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa/
No comments:
Post a Comment