ফাতেহ ডেস্ক:
বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনকে বড় পরিসরে বাণিজ্যিক রূপদানের জন্য ‘ঢাকাই মসলিন হাউজ’ প্রতিষ্ঠা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান। জাতীয় বস্ত্র দিবস-২০২১ উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, সোনালী ঐতিহ্যে ফিরেছে ঢাকাই মসলিন, আবারও মাতাবে বিশ্ব। বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বাস্তবায়িত একটি প্রকল্পের মাধ্যমে ১৭০ বছর আগে হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালী ঐতিহ্য ও বিশ্ববিখ্যাত ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে হৃত গৌরব ফিরিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনকে বড় পরিসরে বাণিজ্যিক রূপদানের জন্য ‘ঢাকাই মসলিন হাউজ’ প্রতিষ্ঠা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার তারাবতে জুটো-ফাইবার গ্লাস ইন্ড্রাস্ট্রিজের জমিতে এ ‘ঢাকাই মসলিন হাউজ’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ কার্যক্রমের সুবাদে ঢাকাই মসলিনের বাণিজিক উৎপাদনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক লোকের বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, ২০১৯ সালে ৪ ডিসেম্বরকে ‘জাতীয় বস্ত্র দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। সে অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে ‘জাতীয় বস্ত্র দিবস-২০২১’ উদযাপন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে বস্ত্রখাতের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছে তৈরি পোশাকখাত। দেশের রফতানি আয়ের সিংহভাগ অর্জিত হয় এ খাত থেকে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের একটি বড় অংশ আসে বস্ত্রখাত থেকে।
বর্তমানে বস্ত্রখাতে প্রায় ৫০ লাখ শ্রমজীবী কর্মরত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে প্রায় ৮০ ভাগ শ্রমজীবী নারী এবং এসব কর্মকাণ্ড নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বস্ত্র শিল্পের ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের গতি বেগবান করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা লক্ষ্য সামনে রেখে ‘জাতীয় বস্ত্র দিবস’ দেশব্যাপী উদযাপন করা হবে।
এবারের জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বস্ত্রখাতের বিশ্বায়ন; বাংলাদেশের উন্নয়ন।’
এ উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর ওসমানী মিলনায়তনে বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
The post প্রতিষ্ঠিত হচ্ছে ‘ঢাকাই মসলিন হাউজ’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%87/
No comments:
Post a Comment