Wednesday, February 3, 2021

সিদ্ধিরগঞ্জে আগামী শনিবার থেকে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত সোমবার কাউন্সিলর শাহজালাল বাদলের অফিসে আয়োজিত সভায় এ–সংক্রান্ত তাঁর একটি বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর শাহজালাল বাদলের উপস্থিতিতে তাঁর নির্দেশে এক ব্যক্তি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘এই এলাকায় গানবাজনা নিষিদ্ধ। এই মুসলমান সমাজে যাতে আর কোনো গানবাজনা না হয়, এ জন্য কাউন্সিলর অফিস থেকে প্রত্যেক মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটি বরাবর চিঠি ইস্যু করা হবে। আগামী শুক্রবার জুম্মার নামাজের বয়ানে বলে দেওয়া হবে। আগামী শনিবার থেকে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই চিঠির রেফারেন্স নিয়ে প্রতিটি বাড়িওয়ালাকে আপনারা বলে দেবেন।’

বিষয়টি স্বীকার করে কাউন্সিলর শাহজালাল বাদল প্রথম আলোকে বলেন, ‘ডিজে পার্টির নামে রাতে এলাকায় উচ্ছৃঙ্খল যুবকেরা বিভিন্ন দিবসে গানবাজনা করার কারণে মানুষের ক্ষতি হচ্ছে। রাতে এই ডিজে পার্টির কারণে বাগ্‌বিতণ্ডা থেকে কয়েক দিন আগে নূরবাগ এলাকার মসজিদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ কারণে আমরা সবাই মিলে গানবাজনা বন্ধ রাখার বিষয়ে সভা থেকে একমত হয়েছি। ওই সভায় পঞ্চায়েত ও মসজিদ কমিটি সমর্থন জানিয়েছে।’

শাহজালাল বাদল জানান, এ বিষয়ে তাঁরা আরও দুটি সভা করবেন। পরবর্তী থানার ওসির সঙ্গে আলাপ করা হবে। সামাজিক ও ভালো কাজের জন্য যেখানে এলাকার পঞ্চায়েত কমিটির সমর্থন আছে, সেখানে অবশ্যই প্রশাসনও সহযোগিতা করবে বলে তিনি জানান।

 

The post সিদ্ধিরগঞ্জে আগামী শনিবার থেকে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac/

No comments:

Post a Comment