ফাতেহ ডেস্ক:
বড় ধরনের আর্থিক অনিয়মের কারণে নতুন করে গ্রাহক টানতে পারছে না বেসিক ব্যাংক। এমন পরিস্থিতিতে গ্রাহক আকর্ষণে ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের চিন্তা করছে। আর এ বিষয়ে প্রস্তুতির জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
ভাবমূর্তি সংকট কাটাতে না পারায় ২০১২ সালের পর থেকে টানা লোকসান গুনছে বেসিক ব্যাংক। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১২ সাল পর্যন্ত মুনাফায় থাকা ব্যাংকটি ২০১৩ সালে প্রথম ৫৩ কোটি টাকা লোকসান দেয়। এরপর ২০২০ সাল পর্যন্ত গত আট বছরে লোকসান দিয়েছে তিন হাজার ৭০৭ কোটি টাকা। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে লোকসান হয়েছে আরও ৪০০ কোটি টাকা।
শরিয়াহ ব্যাংকিংয়ে রূপান্তর বিষয়ে কমিটি গঠনের কারণ হিসেবে ব্যাংকের নথিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো থাকলেও সরকারি মালিকানাধীন পূর্ণাঙ্গ কোনো ইসলামী ব্যাংক নেই। এমন প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বেসিক ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায়। প্রচলিত ব্যাংকিং কার্যক্রম থেকে শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরের লক্ষ্যে গঠিত কমিটিকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে এমডি বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ জন্য প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও কমিটিকে কাজ করতে বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে অনেক ব্যাংক। চলতি বছর স্ট্যান্ডার্ড ও গ্লোবাল ইসলামী ব্যাংক শরিয়াহ ব্যাংকে রূপান্তর হয়েছে। সব মিলিয়ে দেশে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে। এর বাইরে প্রচলিত ধারার ৯টি ব্যাংকের ৪০টি ইসলামী শাখা এবং ১৩টি ব্যাংকের ১৯৪টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো রয়েছে। মুনাফা, রেমিট্যান্স, আমদানি-রপ্তানি ব্যবসাসহ অন্যসব দিক থেকেই প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় শরিয়াহভিত্তিক ব্যাংকের প্রবৃদ্ধি বেশি।
The post গ্রাহক টানতে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হতে চায় বেসিক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%87/
No comments:
Post a Comment