আন্তর্জাতিক ডেস্ক:
সরকার গঠনের পর তালেবান সিদ্ধান্ত নেবে দেশ কোন আইনে চলবে। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, সরকার গঠনের পর সব কিছু পরিষ্কার হবে। সরকার গঠনের পর আমরা সিদ্ধান্ত নেব এবং দেশের জনগণকে জানাব দেশ কোন আইনে চলবে। আমি স্পষ্ট বলতে চাই সরকার গঠনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাজ সম্পূর্ণ হলে আমরা এ বিষয়ে ঘোষণা দেব।
দেশের সব ক’টি সীমান্ত তালেবানের নিয়ন্ত্রণে জানিয়ে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের স্থিতিশীলতা ও শান্তির জন্য আমরা সবাইকে ক্ষমা করেছি। আমাদের যোদ্ধা, আমাদের জনগণ, সব পক্ষ, সব উপদল, সবার অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করব।
তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই। আমাদের দেশ হবে সম্পূর্ণ নিরাপদ, এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এখানে কেউ কিডন্যাপ (গুম) হবে না। দিন দিন আমাদের নিরাপত্তা বাড়বে।
তালেবান মুখপাত্র বলেন, বেসরকারি সংবাদ মাধ্যমকে তালেবান প্রশাসনের অধীনে কাজ করতে হবে। আমি মিডিয়াকে আশ্বস্ত করতে চাই এই বলে যে, আমরা চাইব আমাদের সাংস্কৃতিক কাঠামোর মধ্যে থেকে মিডিয়া কাজ করবে। বেসরকারি মিডিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। মিডিয়ায় ইসলামী মূল্যবোধের পরিপন্থী কিছুই প্রচার করা যাবে না। আমাদের যেখানে ঘাটতি থাকবে, দেশের কল্যাণে সেই ঘাটতি আপনারা পূরণ করবেন। কিন্তু মিডিয়াকে আমাদের (ধর্মীয় সংস্কৃতির) বিরুদ্ধে কাজ করতে দেয়া হবে না। সংবাদমাধ্যম দেশ ও জাতির ঐক্যের লক্ষ্যে কাজ করবে।
সংবাদ সম্মেলনে নারীদের অধিকার নিয়ে আশ্বস্ত করা হয়। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীরা আমাদের কাঠামোর মধ্যে থেকে কাজ করতে পারবেন। ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে। অন্যান্য দেশের বিভিন্ন পন্থা, নিয়ম-কানুন আছে। অন্যদের মতো আমাদেরও (আফগানদের) মূল্যবোধ অনুযায়ী নিজস্ব নিয়ম-কানুন থাকার অধিকার রয়েছে। আমরা শরিয়াহ আইনের অধীনে নারীদের অধিকারের প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো সমস্যা করতে চাই না। আমাদের ধর্মীয় নীতি অনুসারে কাজ করার অধিকার আমাদের আছে।’
The post প্রথম সংবাদ সম্মেলনে যা বললো তালেবান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac/
No comments:
Post a Comment