Tuesday, November 9, 2021

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

ফাতেহ ডেস্ক:

বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। এতে মিরপুর রোডে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি। তাই শিক্ষার্থীদের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয় এবং বিশেষ বিবেচনায় মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরোনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।

The post সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8/

No comments:

Post a Comment