আন্তর্জাতিক ডেস্ক:
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৃতীয় মানবিক যুদ্ধবিরতিও স্থায়ী হল না। সোমবার সকাল থেকে বাকু ও ইয়েরেভেনের মধ্যে যুদ্ধবিরতির পালনে কথা থাকলেও পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ করছে উভয় দেশ। খবর রয়টার্স ও এএফপি।
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে সব দায় চাপিয়ে দিয়েছেন আর্মেনিয়ার ওপর। অন্যদিকে আর্মেনিয়ার প্রশাসন দায় চাপাচ্ছে আজারবাইজানের ওপর।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টার্টার শহরের আগদাম অঞ্চলে আর্মেনীয় বাহিনী আমাদের সেনাবাহিনীর ঘাঁটি ও বেসামরিক নাগরিকদের বসতি লক্ষ্য করে গোলাবর্ষণ করে। এতে বেসামরিক নাগরিকদের বসতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
প্রায় এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়। কিন্তু অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুইটি দেশ।
এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোয় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করেন আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তাতেও সমাধান হয়নি।
এর পর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পরে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আমেরিকা, আজারবাইজান ও আর্মেনিয়া যৌথ বিবৃতি প্রকাশ করে।
সেখানে বলা হয় মানবিক কারণে সোমবার সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।
কিন্তু সোমবার সকাল হতেই আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আজারি শহর টার্টারে আক্রমণ চালিয়েছে আর্মেনিয়া। সেখানে শেলিং করা হয়েছে। পাল্টা অভিযোগ করে আর্মেনিয়াও। তাদের দাবি, আজারি সেনাবাহিনী প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
The post আর্মেনিয়া-আজারবাইজানের তৃতীয় যুদ্ধবিরতিও টিকলো না appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4/
No comments:
Post a Comment