Monday, February 1, 2021

মিঞা মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না: হিমন্তবিশ্ব শর্মা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, মিঞা মুসলিমদের নিজেস্ব এজেন্ডা আছে। সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। মিঞাদের ভোটের প্রয়োজন নেই। তারা বিজেপিকে ভোট দেবেন না। সেজন্য মিঞাদের কাছে বিজেপি ভোট চাইবে না বলেও তিনি মন্তব্য করেছেন। গতকাল (রোববার) গণমাধ্যমে হিমন্তবিশ্ব শর্মার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

অসমে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, ‘মিঞা অধ্যুষিত কেন্দ্রগুলোতে বিজেপি প্রার্থী দেবে এটা জেনেই যে, এসব কেন্দ্রে আমরা জিতব না। প্রার্থী দেব এজন্যই যে, যাতে আমাদের যারা ভোটার, তাদের যেন বাধ্য হয়ে কংগ্রেস বা এআইইউডিএফের প্রার্থীকে ভোট না দিতে হয়। এই ভাবনা নিয়েই মিঞাদের কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবে।’

মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ‘মিঞা মুসলিমরা বিজেপিকে ভোট দেন না। পঞ্চায়েত ভোট হোক কিংবা ২০১৪ সালের লোকসভা, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও তারা বিজেপিকে ভোট দেননি। বিজেপিকে মিঞাদের ভোট না দেওয়ার কারণ তাদের নিজেস্ব এজেন্ডা আছে। বিজেপি তাতে বাধা দেয় সেজন্য মিঞাদের ভোট পাই না।’ তার মতে, যেসব কেন্দ্রে মিঞা মুসলিম আছেন সেই আসনগুলো মহাজোট পাবে।

‘মিঞা’ শব্দ তিনি বানাননি বলে দাবি করেছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁর দাবি- তারাই বানিয়েছেন ওই শব্দ, নিজেদের যারা মিঞা মুসলিম বলে পরিচয় দেন। ওই শব্দ যারা বানিয়েছেন তাঁদের কিছু আসন আছে। ওই আসনগুলোতে বিজেপি’র জয়ের সম্ভাবনা নেই বলেও হিমন্তবিশ্ব শর্মা মন্তব্য করেছেন।

হিমন্তবিশ্ব শর্মা এ ধরণের মন্তব্যের মধ্য দিয়ে কার্যত ধর্মীয় মেরুকরণের চেষ্টা করলেও তাঁর দাবি বিজেপি’র ১০০ প্লাস আসন পাওয়ার সমীকরণের ভিত্তি কোনোভাবেই ধর্মীয় মেরুকরণ নয়।

The post মিঞা মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না: হিমন্তবিশ্ব শর্মা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad/

No comments:

Post a Comment