ফাতেহ ডেস্ক:
মিয়ানমার সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির ভোটার তালিকায় যে অনিয়ম আছে তা তারা সংশোধন করে নতুন নির্বাচন দিবে। নির্বাচনে যারা জয়ী হবে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মিয়ানমার টাইমস নামের একটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
মিয়ানমার টাইমসের খবর মতে, ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এক গুরুত্বপূর্ণ সভা হয় মিয়ানমারের উচ্চপদস্থদের। সভায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস জেনারেল, প্রতিরক্ষা মন্ত্রী অংশ নেন। সভা শেষে তারা একটি বিজ্ঞপ্তি দেয় যাতে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধন করে সেনাবাহিনী নতুন নির্বাচনের আয়োজন করবে এবং বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
এদিকে মিয়ানমারে সোমবার ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থান ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে আটকের ঘটনাকে ‘মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল’ বলে উল্লেখ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া। সংস্থাটি সামরিক অভ্যুত্থান শব্দটিকে এড়িয়ে গেছে।
মিয়ানমারে গত নভেম্বরের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি আবার বড় জয় পায়। নির্বাচনে সুচির দল ৮৩ শতাংশ ভোট পেয়ে ৩৯৬টি আসন পায়। আর পার্লামেন্টের ৪৭৬টি আসনের মধ্যে সেনাসমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পায় মাত্র ৩৩টি আসন। এই নির্বাচনের ফল ঘিরে সংকট ঘনীভূত হয়। সেনাবাহিনী ও ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নির্বাচনের পর থেকেই ভোটে কারচুপির অভিযোগ তোলে।
কিন্তু গত বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন এই অভিযোগ নাকচ করে। সোমবার মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। তার কয়েক ঘণ্টা আগে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তার আগে তারা মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের আটক করে। জনগণের ভোটে নির্বাচিত সুচির সরকার উৎখাতের পর মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং সব ক্ষমতা গ্রহণ করেন। সামরিক বাহিনী দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করে।
এরই মধ্যে মিয়ানমারে রাজনীতিকদের আটক ও সামরিক অভ্যুত্থানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা-সংগঠনও এ ঘটনার নিন্দা জানিয়েছে।
The post ভোটার তালিকা হালনাগাদ করবে সেনাসরকার, মিয়ানমারে আসছে নতুন নির্বাচন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%b0/
No comments:
Post a Comment