আন্তর্জাতিক ডেস্ক:
অবশেষে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন পশ্চিমাসমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। তালেবানের অস্থায়ী সরকারের কাছে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাক্বল।
বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, রেকর্ড করা এক বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান জনগণের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই… শহরে কোনো হামলা হবে না। অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
এর আগে, রোববার সকাল থেকেই কাবুলের পরিস্থিতি বদলাতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে রাজধানীতে ঢুকতে শুরু করে তালেবান যোদ্ধারা। তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা তাদের যোদ্ধাদের কাবুলের প্রবেশপথে বিভিন্ন পয়েন্টে অবস্থানের নির্দেশ দিয়েছে।
তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে, জোর করে কাবুল দখলের কোনো পরিকল্পনা তাদের নেই। এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, যারা আফগানিস্তান ছাড়তে চান তাদের নিরাপদে যেতে দিতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।
তালেবান মুখপাত্র সুহেইল শাহীন আল-জাজিরাকে জানিয়েছেন, তারা কাবুলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন। তবে আফগান সরকারের সঙ্গে কোনও ধরনের সমঝোতা হয়েছে কি না তা বলতে রাজি হননি তিনি।
এদিকে, ক্ষমতা ‘হস্তান্তর’ প্রস্তুতির জন্য তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওয়ানা হয়েছে। এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সরকারের ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের লক্ষ্য তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।
The post ক্ষমতা ছাড়তে রাজি গানি, এবার সরকার গড়বে তালেবান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac/
No comments:
Post a Comment